দুবাইতে ২০ মিনিটে শক্তিশালী সাতটি বিস্ফোরণ

Published: 5 August 2026

পোস্ট ডেস্ক :


দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরটির আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। আমিরাতের কর্মকর্তাদের বরাতে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনা রেকর্ড করার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শিল্প এলাকায় ঠিক কী কারণে বিস্ফোরণ হলো- সেই সম্পর্কে দেশটি এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।

ইরাকের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ে এই হামলা হয়েছে।

তবে আমিরাতের কর্মকর্তারা ওই বিস্ফোরণের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
মেহের নিউজের বরাতে নাসার থার্মাল ইমেজিং রিপোর্ট বলছে, হামলায় শিল্প এলাকা সংলগ্ন একটি গুদামে আগুন লেগেছে। তবে হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর একটি আবাসিক এলাকার কাছে কালো ধোঁয়া উড়ছে। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এনডিটিভি।
আল ফুরজানের বাসিন্দারা এওএল নিউজকে নিশ্চিত করেছে যে, বিস্ফোরণের সময় তারা ‘ধুপধাপ’ শব্দ শুনেছে।

দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলি আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র। এলাকাটিতে রয়েছে কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জেবেল আলি এবং বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট বন্দরের পাশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল, যাতে আন্তর্জাতিক জাহাজ চলাচল অবাধে হতে পারে।