রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
১৪ বছরের কার্যক্রম শেষে নতুন কমিটি ঘোষণা। গত ৬ বছরে বাংলাদেশে ৩৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ের হিসাব প্রকাশ

যুক্তরাজ্যে বসবাসরত রাজনগর উপজেলার প্রবাসীদের সংগঠন রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংগঠনের বিগত ৬ বছরের কার্যক্রম পর্যালোচনা, বিদায়ী কমিটির বিলুপ্তি, নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল হান্নান। রুহুল ইসলাম রুলুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন তফজু খান। সংগঠনের দীর্ঘ ছয় বছরের কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরে বিদায়ী কমিটির বিলুপ্তি ঘোষণা করেন সাবেক সভাপতি আব্দুল হান্নান। পরে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরিছ এবং যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামীম আহমেদ।
ঘোষিত ২০২৬ সালের নতুন আংশিক কার্যনির্বাহী কমিটিতে ময়না মিয়াকে সভাপতি, আবুল কালামকে সিনিয়র সহ-সভাপতি এবং রুহুল ইসলাম রুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন রুহুল ইসলাম (দুদু), আজিজুল হক ঝুনু, সৈয়দ আশরাফ আলী ফুয়াদ, দুলু চৌধুরী ও শাহজাহান চৌধুরী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোয়ালিন করিম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন ও জগলু চৌধুরী এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুজা খান। সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহ মহসিন আলী মিটু, কোষাধ্যক্ষ হিসেবে তফজু খান এবং দপ্তর সম্পাদক হিসেবে কয়েছ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন রুহুল ইসলাম রুলু। তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে সংগঠনটি প্রবাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি রাজনগরের দলের নির্যাতিত নেতা কর্মীদের বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা ও অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে।
সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষকে নগদ অর্থ সহায়তা, দরিদ্র পরিবারের ঘর মেরামত, টিনের চালা বিতরণ ও গৃহনির্মাণে সহযোগিতা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া বন্যাদুর্গত মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

সভায় উপস্থাপিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে এসব মানবিক, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে বিগত ছয় বছরে মোট ৩৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয় হয়েছে।
এসব অনুষ্ঠানের ভেন্যু, ব্যানার, সাজসজ্জা, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক খরচসহ যুক্তরাজ্যে মোট ৪ হাজার ৫৬০ পাউন্ড ব্যয় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংগঠনের পক্ষ থেকে মানবিক ও সাংগঠনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ হিসাব সভায় উপস্থাপন করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, রুহুল ইসলাম দুদু, সহ-সভাপতি আজিজুল হক ঝুনু, সংগঠনের উপদেষ্টা ময়নুল ইসলাম বুধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোয়ালিন করিম চৌধুরী, শাহ মহসিন আলী মিটু, মোত্তাকিম শিবলু, পোর্টসমাউথ বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, শাহীন চৌধুরী, ফরহাদ হোসেন, পোর্টসমাউথ বিএনপির সভাপতি দেলওয়ার হোসেন আহাদ, জাকির হোসেন জিতু, সুজা খান, বিএনপি নেতা হাজি সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল জামান ও শাহজাহান চৌধুরীসহ অনেকে।
বক্তারা সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তাঁরা রাজনগরের মানুষের কল্যাণে সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রবাসে সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরিছ এবং সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল হান্নানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





