সাংবাদিক এম জি কিবরিয়াকে ‘আর এ ফাউন্ডেশন’ কর্তৃক সম্মাননা প্রদান

Published: 10 May 2026

ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি, শিক্ষা, সমাজসেবা ও গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ব্রিটিশ-বাংলাদেশি চ্যারিটি সংগঠন ‘আর এ ফাউন্ডেশন’। রোববার (০৩ মে) পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়।

এম জি কিবরিয়া বর্তমানে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা) ও লিডস বাংলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি চেতনা সমাজকল্যাণ সংস্থা যুক্তরাজ্যের চেয়ারম্যান, চ্যানেল এস টেলিভিশনের ইয়র্কশায়ার ব্যুরো প্রধান এবং প্রথম আলোর সাবেক যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে পরিচিত।

আর এ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রবীণ সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা এম জি কিবরিয়ার কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ অধ্যাপক মিসবাহ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এলবিটিভির উপস্থাপক এনাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক বদরুজ্জামান বাবুল, সাংবাদিক তাওহিদ আহমদ, কমিউনিটি নেতা ফারুক মিয়া ও আবুল বাশার প্রমুখ।

বক্তারা সাংবাদিক এম জি কিবরিয়ার সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সিলেট বিভাগে শিক্ষার প্রসারে তার প্রয়াত পিতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মঈনুল ইসলামের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।