এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬: দেশ ও প্রবাসের সেতুবন্ধনে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

Published: 1 October 2026

স্টাফ রিপোর্টার, লন্ডন: ‘দেশ ও প্রবাসের সেতুবন্ধন’—এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৬ ঢাকার শেরাটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। এবারের সম্মেলনের মূল স্লোগান ‘বাংলাদেশ নিয়ে ভাবুন’।

মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য, কার্যক্রম এবং আসন্ন সামিটের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংগঠনের কনভেনর মমিনুল হক বলেন, এনআরবি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক, অরাজনৈতিক ও দেশসেবামূলক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করাই সংগঠনের প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, ইতোমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পেশাজীবী এনআরবি ওয়ার্ল্ডের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছেন। বিশ্বের সব দেশে থাকা বাংলাদেশি পেশাজীবীদের একটি কার্যকর নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে সংগঠনটি কাজ করছে।

মমিনুল হক আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সফল বাংলাদেশিদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও বিনিয়োগের শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন। প্রবাসীরা শুধু বাংলাদেশের প্রতিনিধি নন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে এনআরবি ওয়ার্ল্ডের যাত্রা শুরু হলেও সংগঠনটির ধারণার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৪ সালে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘ওয়ার্ল্ড বিজনেস সামিট’ আয়োজনের মধ্য দিয়ে এ ধরনের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ শুরু হয়। পরবর্তীতে ২০১৭ সালে বাংলাদেশে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৯, ২০২০ ও ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিভিন্ন ওয়ার্ল্ড বিজনেস সামিট অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পেশাজীবীদের সঙ্গে দেশের নীতিনির্ধারকদের যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরির লক্ষ্যে ঢাকায় এনআরবি প্রফেশনাল সামিট আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে প্রবাসীদের বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।

এবারের এনআরবি ওয়ার্ল্ড সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১,০০০-এর বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। এতে ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দের পাশাপাশি রাজনীতিবিদ, মন্ত্রী, কূটনীতিক এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণের কথা রয়েছে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, উদ্যোক্তা, প্রযুক্তি এবং প্রবাসী সম্পৃক্ততাসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। গোলটেবিল বৈঠক, আলোচনা সভা, নেটওয়ার্কিং মধ্যাহ্নভোজ ও নৈশভোজের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, অংশীদারত্ব এবং বিনিয়োগের সুযোগ তৈরির উদ্যোগ থাকবে।

সামিটে কয়েকটি আন্তর্জাতিক প্রকাশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পাশাপাশি এনআরবি ওয়ার্ল্ড কমিটি ২০২৬-২০২৮-এর নির্বাহী কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

যুক্তরাজ্যে বসবাসরত সফল বাংলাদেশিদের অবদান তুলে ধরতে ‘যুক্তরাজ্যের ১০০ সফল বাংলাদেশি’ নামে একটি প্রকাশনা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত সফল বাংলাদেশিদের নিয়ে ‘ইউরোপের ১০০ সফল বাংলাদেশি’ নামে তালিকা ও প্রকাশনা তৈরির কাজও চলছে। এ উদ্যোগে ইউরোপের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করা হয়েছে।

এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, এবারের সামিটের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বাস্থ্য সম্মেলনের আয়োজন করা হবে। এতে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানীরা বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন। পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ নিয়েও আলোচনা হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের দেশের উন্নয়নে সরাসরি যুক্ত করাই এনআরবি ওয়ার্ল্ডের অন্যতম প্রধান লক্ষ্য। প্রবাসী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি তাদের বিনিয়োগকে নিরাপদ ও অর্থবহ করার ক্ষেত্রেও সংগঠনটি কাজ করতে চায়।

এনামুল হক এনাম আরও বলেন, ‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেইন গেইন’-এ পরিণত করাও এনআরবি ওয়ার্ল্ডের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশে সফল বাংলাদেশি ডাক্তার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও অন্যান্য পেশাজীবীদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

দেশের তরুণদের প্রশিক্ষণ দেওয়া, দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করা এবং দেশীয় ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সফল বাংলাদেশি বিশেষজ্ঞদের সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি করার পরিকল্পনার কথাও তিনি জানান।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। সরকার, উদ্যোক্তা, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের একটি কার্যকর সংযোগ তৈরির মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হবে বলে তারা আশা করছেন।

সংবাদ সম্মেলন থেকে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ মেম্বার নন্দিতা শারমিন।