গোয়াইনঘাটে একদিনের বর্ষণে প্লাবিত
গোয়াইনঘাট সংবাদদাতা :

মাত্র একদিনের বর্ষণে পাহাড়ী ঢলে প্লাবিত হয়েছে গোয়াইনঘাট। জেলা ও উপজেলার সাথে যোগাযোগের সড়কের কয়েকটি স্থানে পানি উঠেছে। হাওরাঞ্চলের ১০/১২ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। শ্রমজীবী কয়েক হাজার মানুষ বেকার থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিনাতিপাত করছেন। সারি গোয়াইন রাধানগর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
২৭ জুন রাত থেকে অবিরাম বর্ষণে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার প্লাবিত হয়েছে গোয়াইনঘাটের বিস্তীর্ণ এলাকা। জেলার সাথে যোগাযোগের গোয়াইন-সারি যোগাযোগ বিচ্ছিন্ন ও সালুটিকর রাস্তায় কয়েকস্থান পানিতে নিমজ্জিত রয়েছে। গোয়াইনঘাট রাধানগর রাস্তায় নৌকা দিয়ে যাত্রী পারাপার হচ্ছে। কৈয়া, সিটিং, চদিবদি, লেঙ্গুড়া, তিতকুল্লি, নাইন্দা, সাতাইন, আমবাড়ি হোয়াউরা, বামনহাওর, উনাইহাওরসহ বিভিন্ন ইউপির হাওরাঞ্চলে ১০/১২ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। শ্রমজীবী কয়েক হাজার মানুষ বেকার থাকায় মানবেতর জীবনযাপন করছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জানান, গোয়াইন সারি রাস্তার বেকরায় রাস্তা নিমজ্জিত। যোগাযোগ বিচ্ছিন্ন সালুটিকর সড়কে কয়েকস্থানে ঢলের পানি উঠেছে, তবে এখনও যানবাহন কোনমতে চলছে। গোয়াইনঘাট রাধানগর সড়কের ভাঙ্গায় নৌকায় পারাপার চলছে। তিনি বলেন, আমি বন্যার সার্বিক পরিস্থিতি দেখতে এলাকায় ঘুরছি। সকল বন্যাশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। কোথাও ঘরবাড়িতে পানি উঠলে লোকদের নিরাপদে নেয়ার জন্য ইউপি চেয়ারম্যানরাও তৎপর রয়েছেন। ইউএনও এর ত্রাণ ও দুর্যোগ শাখা থেকে পিআইও শিরষেন্দু পুরকায়স্থ জানান, প্রধান দু’টি সড়কসহ রাধানগর সড়কে পানি উঠেছে। কোথাও ঘরবাড়িতে পানি উঠার খবর পাইনি।




