বিয়ানীবাজার পৌরসভার বাজেট ৪৭ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার বাজেট পেশ

Published: 30 June 2021

সিলেট অফিস :

নতুন কোন করারোপ ছাড়া বিয়ানীবাজার পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর কার্যালয়ে ৪৭ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর। বাজেট বক্তৃতাকালে মেয়র জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকা এবং ব্যয় ৪ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা। এতে ২৬ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধৃত ধরা হয়।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে জানিয়ে মেয়র মো. আব্দুস শুকুর আরো বলেন, এটিই চলমান পৌর পরিষদের সর্বশেষ বাজেট। পৌরবাসীর জীবনমান উন্নয়নে বাজেটকে সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে।

পৌর মেয়র মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে এবং কর্মকর্তা দিবাকর পালের পরিচালনায় বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক নূর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সামছুল হকসহ আরো অনেকে।