বিয়ানীবাজারে বাড়ছে করোনা আক্রান্ত রোগী
সিলেট অফিস :

বিয়ানীবাজার উপজেলা জুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। পাশাপাশি সিজনাল জ্বর শর্দিতে আক্রান্ত রোগীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ডাক্তারদের চেম্বারগুলোতে রোগীর ভীড় লেগেই আছে।

বিয়ানীবাজার সরকারী হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বিয়ানীবাজারে বৃদ্ধি পাচ্ছে। অনেক রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। করোনা উপসর্গ নিয়েও রোগীরা হাসপাতালে এসে পরিক্ষা নিরিক্ষা করাচ্ছেন। তাতেও আক্রান্ত রোগীর হার আগের চেয়ে অনেক বেশি মিলছে।
বিয়ানীবাজারে কঠোর লকডাউনের মধ্যেও জ্বর শর্দি ও গলা ব্যথা নিয়ে রোগীরা ডাক্তারের চেম্বারে হাজির হচ্ছেন। অনেক চিকিৎসক করোনার লক্ষন দেখে রোগীদের সিলেটে প্রেরণ করছেন। একজন চিকিৎসক জানিয়েছেন, বিয়ানীবাজারে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। রোগীদের চেম্বারে আসা থেকেই তিনি বিষয়টি উপলব্ধি করেছেন বলে জানান।

বিভিন্ন সূত্রে জানাগেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক রোগী বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন। অবস্থা বেগতিক হলে তারা চিকিৎসকের শরানাপন্ন হচ্ছেন। গতকাল ২ রোগীকে বিয়ানীবাজার থেকে জরুরী অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। তবে সিলেটে আইসিইউ সংকটের কারণে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বলে জানা গেছে।




