পরীমনি-রাজসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব
বিশেষ সংবাদদাতা :

রাজধানীর বনানীর বাড়ি থেকে মাদকসহ আটক চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরীমনির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পরীমনির বাসা থেকে অবৈধ বিদেশি মদ, এলএসডি, আইস এবং এসব সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। পরীমনিকে এখন নানা অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরীমনিকে আটকের পর বুধবার রাতে বনানীর ৭ নম্বর রোডে প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীমণিকে জিজ্ঞাসাবাদের পর নজরুল ইসলাম রাজের নামটি সামনে আসে। তার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক পরীমণির। একাধিক সময় ফেসবুক লাইভে কথা বলার সময় রাজ-অভিনেত্রীর পাশে ছিলেন।
রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তাঁর বাসা থেকে একটি সাদা মাইক্রোবাসে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। ৮টা ৪৫ মিনিটে গাড়ি কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে পৌঁছায়। সেখানে রাত ১২টা পর্যন্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
পরীমনিকে আটকের পর র্যাব গত রাত সাড়ে ৮টার দিকে আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায়ও অভিযান চালায়। অভিযান চলে রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত।
অভিযানে রাজের বাসা থেকে মাদক ও সিসা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। রাত ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে জব্দ করা মালপত্র নিয়ে আসা হয়। পরে রাজ ও তাঁর দুই সহযোগীকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে পরীমনি জানান, তাঁর বাসায় কে বা কারা প্রবেশের চেষ্টা করছে। সিভিল পোশাকে এসে কেউ তাঁর বাসার দরজা খোলার জন্য বলছে। তাদের পরিচয় জানতে চাইলেও তারা পরিচয় দিচ্ছে না। একেকজনের একেক রকম পোশাক, চেহারা। তিনি আতঙ্কিত।




