ভিসা জটিলতা নিরসনে আমিরাতের আইন মেনে চলার আহ্বান গিয়াস কাদের চৌধুরী এমপির

Published: 22 September 2026

মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, ইউএই

 

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের আমন্ত্রণে ১৯ সেপ্টেম্বর আবুধাবি বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রত্যাশা ও সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে ভিসা বাতিল, ভিসা-সংক্রান্ত জটিলতা, নতুন ভিসা, ভিসা ট্রান্সফারসহ প্রবাসীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

এ সময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, অতীতে নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং তাদের কল্যাণ নিশ্চিত করা প্রয়োজন।

 

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, প্রবাসীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে। ভিসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

 

বৈঠকে প্রবাসীদের কল্যাণ, পারস্পরিক ঐক্য এবং বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়।

 

আলোচনায় বলা হয়, প্রবাসীদের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সাকের কাদের চৌধুরী, হাজী সরাফত আলী, আলহাজ্ব ইয়াকুব সৈনিক, জাকির হোসেন খতিব, নাঈম উদ্দিন টিপু, নজরুল ইসলাম সিআইপি, মোরশেদুল আলম সিআইপি, হাজী জসিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, মোহাম্মদ নুরুন্নবী, সিরাজুল ইসলাম নবাব, এম এনাম হোসেন, সরোয়ার আলম ভুট্টো, এস এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, সাইফ তারেক, জিয়াউদ্দিন বাবলু, মো. হোসেন, মোহাম্মদ বাবলুসহ আবুধাবি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।