মানবিক কার্যক্রম আরও গতিশীল করতে মৌলভীবাজার এইডের নতুন কমিটি গঠন

Published: 22 November 2026

সভাপতি দেলোয়ার হোসেন আহাদ ও সাধারণ সম্পাদক তরিকুর রশিদ চৌধুরী শওকত

২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়ে মানবিক সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার এইড’-এর নতুন কার্যকরী কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে সংগঠনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের অতীতের বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
২০১৬ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার এইড প্রতিষ্ঠার পর থেকে অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে মাহফুজ আহমেদের উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ফজলুল হক সেলিম।

সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ফজলু মিয়া ও ফজলুল আলম টিপু, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আহাদ, তরিকুর রশিদ চৌধুরী শওকত এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরিছ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, আজিম উদ্দিন, সাইফুর রহমান, জাকির আহমেদ, এমদাদ রাহাত, তাজুল ইসলাম, জিহাদুল হক চৌধুরী রাজন, জিয়াউর রহমান জিয়া, জাকের আহমেদ, লায়েক মুহিত, কামরুল ইসলাম, আজহার আহমেদ ওয়াসিম, তপু তুফায়েল খান, রাসেল খান ও সাইফুল শিপুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মৌলভীবাজার এইড প্রতিষ্ঠার পর থেকে মানবিক দায়িত্ববোধ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সংগঠনের এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে অসুস্থ ও অসচ্ছল মানুষের চিকিৎসা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতা থাকলে অনেক অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা, জবাবদিহি ও ঐক্য বজায় রেখে মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তাঁরা।

সভায় আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য দেলোয়ার হোসেন আহাদকে সভাপতি, শফিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, জাকের আহমদ ও সাইফুল শিপুকে সহ-সভাপতি, তরিকুর রশিদ চৌধুরী শওকতকে সাধারণ সম্পাদক, আজিম উদ্দিনকে সিনিয়র যুগ্ম সম্পাদক, জাকির আহমদ ও সাইফুর রহমানকে যুগ্ম সম্পাদক, তাজুল ইসলামকে কোষাধ্যক্ষ, আক্তার হোসেনকে সহ-কোষাধ্যক্ষ, জেহাদুল হক চৌধুরী রাজনকে সাংগঠনিক সম্পাদক, শেখ কামরুল হাসানকে সহ-সাংগঠনিক সম্পাদক, ইমদাদ রাহাত চৌধুরীকে প্রেস ও প্রকাশনা সম্পাদক, জয়নাল আহমদকে সমাজকল্যাণ সম্পাদক, আশফাকুর রহমান (তানিম)কে সহ-সমাজকল্যাণ সম্পাদক, আসাদুর রহমান আসাদকে সাংস্কৃতিক সম্পাদক এবং মাঈনুল ইসলামকে সহ-সাংস্কৃতিক সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ ফজলুল হক সেলিম, বকশী শামীম আহমদ, বজলুর রশীদ লিটন, আব্দুন নুর বদরুল, মাহফুজ আহমদ, মাঈন উদ্দিন শিপু, খলিলুর রহমান, রাসেল খাঁন, আব্দুল জলিল চৌধুরী খোকন, সৈয়দ রুয়েজ আলী, জাহিদুর রহমান ইমন, জিয়াউর রহমান জিয়া, আব্দুল মিয়া লিটন ও আব্দুল্লাহ আল মাহবুব রুমন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণ এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির মানুষের সহযোগিতা কামনা করেন। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মৌলভীবাজার এইড আগামী দিনেও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।