লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK)-এর নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আয়োজিত এ সভায় সংগঠনের উপদেষ্টা, সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, তাঁদের পরিবার ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সংগঠনের সভাপতি সিরাজুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান (এম কিউ হাসান)। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বেও ছিলেন তিনি। তাঁকে সহযোগিতা করেন কোষাধ্যক্ষ সৈয়দ জাফর ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুল হক। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি।
অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা কমিটির সদস্যদের মধ্যে ছিলেন হাবিব রহমান, শাহাগীর বখত ফারুক, এম এ রাকিব, নাজির উদ্দিন চৌধুরী, সহুল আহমেদ ও এস এম মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান গৌস সুলতান, ইসমাইল হোসেন, মারুফ চৌধুরী, সৈয়দ এনামুল ইসলাম, মি. কাদের, মাহফুজা রহমান, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মির্জা আসাব বেগ, নীলুফা ইয়াসমীন হাসান, রিপা সুলতানা রাকিব ও মুকিত চৌধুরী।
সভায় সংগঠনের বিগত এক বছরের কার্যক্রম, অর্জন, আর্থিক প্রতিবেদন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে সিরাজুল বাছিত চৌধুরী সংগঠনের অগ্রগতি, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান তাঁর বার্ষিক প্রতিবেদনে জানান, গত এক বছরে DUAUK-এর উদ্যোগে প্রায় ২২টি অনুষ্ঠান ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। একই সময়ে প্রায় ২২ জন নতুন সদস্য সংগঠনে যুক্ত হয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় Scholarship Trust Fund-এর আওতায় ২০২৬ সালে ১১৬টি বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
সভায় কোষাধ্যক্ষ সৈয়দ জাফর বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২০২৫ সালের ৯ নভেম্বর অনুষ্ঠিত অষ্টম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন অফিস সম্পাদক ফকরুদ্দিন। সভায় তা অনুমোদিত হয়।

এবারের বার্ষিক সাধারণ সভার অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক পরিচিতি। সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী ওয়েবসাইটটির বিভিন্ন দিক ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।
তিনি ওয়েবসাইট বাস্তবায়নে সমন্বয়ক মো. কামরুল হাসান এবং টিমের সদস্য সৈয়দ জাফর ও রফিকুল ইসলামের অবদানের বিশেষ প্রশংসা করেন।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের ইতিহাস, কার্যক্রম, সদস্যদের তথ্য, বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা অনলাইনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।
নবম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়। এতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের লেখা এবং এজিএম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য স্থান পায়।
অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টাদের বিশেষ সম্মাননা জানানো হয়। পাশাপাশি নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
সংগঠনের সভাপতি, সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সদস্যরা নবাগত সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সংগঠনের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এজিএমের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল DUAUK Scholarship Trust Fund-এর কার্যক্রম উপস্থাপন এবং দাতাদের সম্মাননা প্রদান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তার উদ্দেশ্যে গঠিত এ তহবিলে যাঁরা অনুদান দিয়েছেন কিংবা অনুদানের অঙ্গীকার করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানে মোট ৭৩ জন দাতাকে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট (Appreciation Certificate) প্রদান করা হয়। দাতাদের নাম ঘোষণা করেন এম কিউ হাসান ও মাহারুন আহম্মেদ।
এ সময় Scholarship Trust Fund-এর ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ট্রাস্ট ফান্ড আপিল টিমের পক্ষ থেকে উপস্থিত সদস্য ও অতিথিদের কাছে বিশেষ অনুদানের আহ্বান জানানো হয়।
এই আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত দাতা ও শুভানুধ্যায়ীরা মোট ১২০টি বৃত্তি প্রদানের অঙ্গীকার করেন। প্রতিটি বৃত্তির মূল্য ৮০ পাউন্ড হিসেবে মোট ৯ হাজার ৬০০ পাউন্ডের বৃত্তি সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যায়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিজ বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক সম্পাদক এরিনা সিদ্দিকী সুপ্রভা ও মিজানুর রহমানের চমৎকার সঞ্চালনায় আয়োজিত এ পর্বে সংগঠনের সদস্য ও শিল্পীরা অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করেন সৈয়দ জুবায়ের, রিপা সুলতানা রাকিব, কেজিবি কনক, নীলা নিকি ও তামান্না ইকবাল। গান, নৃত্যসহ বৈচিত্র্যময় পরিবেশনায় তাঁরা উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। বিশেষ করে নৃত্য পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়।
এ ছাড়া হাস্যরসাত্মক বিতর্ক পর্ব অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করে। হাসি, আনন্দ, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে পুরো আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা, সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, স্পনসর, দাতা, অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে DUAUK-এর কার্যক্রমে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বার্ষিক সাধারণ সভা সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সময়, শ্রম, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
স্মরণিকা প্রকাশ ও অনুষ্ঠান আয়োজনে আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়।
স্পনসরদের মধ্যে ছিল ICON College (ড. নুরুননবী), Grand Rasoi (শাহেদ আহমেদ), সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহফুজা রহমান, Luris Vince Solicitors (নাজির উদ্দিন চৌধুরী), Liberty Legal Solicitors (সহুল আহমেদ মকু), Eastern Accountants (মোহাম্মদ হান্নান মিয়াজী), MQ Hassan Solicitors (মো. কামরুল হাসান), Kalapata (ইসমাইল হোসেন), Jalalabad Law Associates (মির্জা আসাব বেগ ও আতাউর রহমান) এবং Londonium Chambers (কামরুজ্জামান ও নুরুল গাফফার)।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন। যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সংবাদ বিজ্ঞপ্তি।





