‘ষড়যন্ত্রের চিঠি’ প্রকাশ্যে না আনার কারণ জানালো পাক পররাষ্ট্র মন্ত্রণালয়

Published: 9 April 2022

পোস্ট ডেস্ক :


পাকিস্তানে ইমরান খানের সরকারের বিরুদ্ধে বিদেশী ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে একটি চিঠির কথা বারবার বলে আসছেন পিটিআই নেতারা। কিন্তু সেটিকে এখনও প্রকাশ্যে তুলে ধরা হয়নি। এ কারণে এই চিঠিকে ভুয়া বলেও মন্তব্য করেছেন বিরোধী নেতারা। এবার সেই চিঠি প্রকাশ্যে না আনার কারণ জানালেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় মনে করে, এই চিঠি প্রকাশিত হলে পাকিস্তানের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্থ হবে। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও এই চিঠির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এই চিঠিগুলো কোড করা থাকায় তা প্রকাশ করা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দূতাবাস থেকে যে কোড মেসেজ আসে তা উন্মোচন করা উচিৎ নয়। মন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জিও নিউজকে বলেন, গত ৭ই মার্চ টেলিগ্রামে আসা ওই চিঠির বার্তা পাবলিক করা উচিৎ হবে বলেই মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে পাকিস্তানের জাতীয় স্বার্থ ব্যাহত হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে এ ধরণের নিয়ম আগে থেকেই রয়েছে। কখনোই রাজনৈতিক সুবিধার জন্য রাষ্ট্রদূতের বার্তা প্রকাশ করা যায় না। এর আরও উদাহরণ রয়েছে। এমন কাজ সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে পাক রাষ্ট্রদূতের সাধারণ সম্পর্কের পরিবেশ নষ্ট হওয়ার ঝুঁকি সৃষ্টি করবে।