শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

Published: 7 October 2026

শমসেরনগরের উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় বিভিন্ন জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত শমসেরনগরবাসীদের সংগঠন শমসেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শমসেরনগরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সৈয়দ শরফুদ্দীন রোমেল ও নিজামউদ্দিন দরাসত।

সভায় বক্তারা শমসেরনগরের পরিবেশ ও জনজীবনের মান উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান। তারা বলেন, পরিকল্পিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে শমসেরনগরকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় শমসেরনগর রেলস্টেশনের আধুনিকায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্থানীয় মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে রেলস্টেশনের আধুনিকায়ন প্রয়োজন। একই সঙ্গে শমসেরনগর বিমানবন্দর চালুর জন্য দীর্ঘদিনের দাবিটি পুনর্ব্যক্ত করেন তারা।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শমসেরনগর রেলস্টেশনের আধুনিকায়ন এবং বিমানবন্দর চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ নাজমুল ইসলাম, আমিনুল ইসলাম, এম জিল্লুল হক, শিবলী আহমেদ চৌধুরী, মাহবুবর রহমান বেলাল, রাসেল আহমেদ, বদরুল ইসলাম, কুতুবউদ্দিন দরাসত, ডা. সৈয়দ মাহবুব আলী ও হামিদউদ্দীন তফাদার আকিবসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও শমসেরনগরের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গভীর। এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। শমসেরনগরের শিক্ষা, যোগাযোগ, পরিবেশ ও জনসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের পাশাপাশি প্রবাসীদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভায় শমসেরনগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা শমসেরনগরের উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।