পাকিস্তানে পুলিশকে টার্গেট করে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, আহত ২৭
পোস্ট ডেস্ক :

পাকিস্তানের কোয়েটায় এক আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশসহ মোট তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৩ পুলিশ সদস্যসহ মোট ২৭ জন। পুলিশের একটি ট্রাককে টার্গেট করে ওই হামলা চালানো হয়। এ খবর দিয়েছে জিও টিভি।
খবরে জানানো হয়, বিস্ফোরণের কারণে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এবং আহত এক নারীকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। তবে অন্য আহতদের বেশিরভাগই শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার পরপরই হতাহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে হামলাকারীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় পুলিশের ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
পুলিশের ডিআইজি মেহসার জানান, ট্রাক উল্টে যাওয়ার কারণে এর নিচে চাপা পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। পুলিশের গাড়ি বাদেও পাশে থাকা আরও দুই গাড়িও বিস্ফোরনে বিধ্বস্ত হয়েছে।
জানা গেছে, ওই এলাকার পোলিও কার্যক্রমে নিরাপত্তা দিতেই এই পুলিশদের মোতায়েন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, অন্তত ২০ থেকে ২৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এ হামলায়।
হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আরিফ আলভি। এ নিয়ে তারা আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন। শেহবাজ বলেন, পোলিও কর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে এই রোগ দূর করতে কাজ করে যাচ্ছেন। পাকিস্তান থেকে পোলিও দূর করা আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার। কোনো সন্ত্রাসী হামলার মাধ্যমে পোলিও কার্যক্রম থেকে পাকিস্তানকে দূরে রাখা যাবে না। অপরদিকে প্রেসিডেন্ট আরিফ আলভি হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এ হামলার নিন্দা জানিয়েছে বালুচিস্তানের আইজি আব্দুল খালিক শেখ। তিনি একে কাপুরুষোচিত আচরণ বলে বর্ণনা করে জানান, এমন হামলা পুলিশের মানসিক দৃঢ়তা নষ্ট করতে পারবে না। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহও।




