অস্ট্রেলিয়ায় বন্দুক যুদ্ধে দুই পুলিশসহ ছয় জন নিহত

Published: 13 December 2022

পোস্ট ডেস্ক :


অস্ট্রেলিয়ায় বন্দুক যুদ্ধে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ছয় জন নিহত হয়েছেন। প্রত্যন্ত এক অঞ্চলে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে গেলে অতর্কিতে পুলিশের ওপর হামলা হয়। এরপর পুলিশও পাল্টা হামলা চালায়। পুলিশ জানিয়েছে, তারা ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমের একটি বাড়িতে একজনকে ধরতে গিয়েছিলেন। এসময় তাদের লক্ষ্য করে গুলি শুরু হয়। পুলিশের পালটা গুলিতে তিন হামলাকারী নিহত হন। তবে ঠিক কি কারণে তারা হামলা চালিয়েছিল তা এখনও অস্পষ্ট। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি এ ঘটনাকে অস্ট্রেলিয়ার জন্য একটি ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে অভিহিত করেছেন।

পুলিশ বলছে, সোমবার এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে উইয়েমবিলার টাউনের একটি বাড়িতে যান চার পুলিশ সদস্য। তারা ওই বাড়িতে প্রবেশের সময় তাদের দিকে গুলি ছোড়া হয়। এতে কনস্টেবল ম্যাথিউ আর্নল্ড (২৬) এবং র্যা চেল ম্যাকক্রো (২৯) গুলিতে নিহত হয়েছেন।

পুলিশের অন্য এক কর্মকর্তা আহত হয়েছেন। নিউ সাউথ ওয়েলস পুলিশের অনুরোধে সোমবার বিকেলে কুইন্সল্যান্ডের চার পুলিশ কর্মকর্তা ওই এলাকায় যান। এসময় প্রতিবেশী বাড়ির এক ব্যক্তিও গোলাগুলির মাঝে পড়ে মারা যান।
হামলাকারীদের কাছে প্রচুর আধুনিক অস্ত্র ছিল। পরে পুলিশের বিশেষ বাহিনী ও হেলিকপ্টার থেকে অভিযান চালানো হয়। হামলাকারীরা ছিলেন দুই জন পুরুষ এবং একজন নারী। নিহতদের একজনের নাম নাথানিয়েল ট্রেইন (৪৬)। তিনি একটি স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আরেকজন ছিলেন তার ভাই গ্যারেথ ট্রেইন (৪৭)। নিহত নারী হচ্ছেন গ্যারেথ ট্রেইনের স্ত্রী স্টেসি ট্রেইন।