মোদিকে সন্ত্রাসী বলায় কংগ্রেস সভাপতিকে নোটিশ
পোস্ট ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসী বলায় দেশটির কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বুধবার (২২ এপ্রিল) নোটিশ পাঠিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল এবং অন্যান্য বিজেপি নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল বুধবার ভারতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠক করে খাড়গের মন্তব্য নিয়ে অভিযোগ জানায়।
এর কয়েক ঘণ্টা পরেই ভারতীয় নির্বাচন কমিশন কংগ্রেসের সভাপতিকে নোটিশ পাঠায়। খাড়গের মন্তব্য নির্বাচনী বিধির পরিপন্থী উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে তার কাছ থেকে জবাব চেয়েছে দেশটির নির্বাচন কমিশন।
এনডিটিভি বলছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মোদিকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন খাড়গে। তিনি বলেন, মোদি একজন সন্ত্রাসী, তার দল ন্যায় বিচার এবং সমান অধিকারকে বিশ্বাস করে না।
তবে পরবর্তী সময়ে এক রিপোর্টারের প্রশ্নের জবাবে কংগ্রেস সভাপতি বলেন, তিনি মোদিকে সন্ত্রাসী বলেননি। খাড়গের দাবি, তিনি বোঝাতে চেয়েছেন যে মোদি জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে সন্ত্রাসী বানাচ্ছেন।
তবে খাড়গে মোদিকে নিয়ে বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিলেও ইতিমধ্যে ক্ষমতাসীন বিজেপি কংগ্রেস সভাপতির মন্তব্যকে ঘিরে কড়া বার্তা জানিয়েছে।
বিজেপি নেতা কিরেন রিজিজু খাড়গের এই মন্তব্যকে ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন এবং জঘন্য হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমরা আশা করছি তারা শিগগিরই সঠিক ও কড়া পদক্ষেপ নেবে।




