শারজায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের জমজমাট ‘শরৎমেলা’
নারীদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবার ও বিনামূল্যে চিকিৎসাসেবায় প্রাণবন্ত আয়োজন
মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, ইউএই
সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ‘শরৎমেলা’। বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই-এর উদ্যোগে গত শনিবার (৩ অক্টোবর) শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় পণ্য প্রবাসের মাটিতে তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী ও বিক্রির সুযোগ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলা মেলায় দুবাই, শারজাহ ও আজমানসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা। পাশাপাশি নারী উদ্যোক্তাদের তৈরি শাড়ি, থ্রি-পিস, জুয়েলারি, হস্তশিল্প ও বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়। দেশীয় খাবার, পোশাক ও ঐতিহ্যবাহী পণ্যের সমাহারে পুরো মেলাপ্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুধু কেনাকাটা ও বিনোদন নয়, মেলায় আগত প্রবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবারও আয়োজন করা হয়। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক নানা আয়োজন দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই-এর প্রতিষ্ঠাতা রোকসানা মজুমদার বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নেওয়া এবং তাঁদের তৈরি পণ্যকে বৃহত্তর পরিসরে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ফোরামের সভাপতি ও অ্যাডমিন নাজমা সুলতানা বলেন, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, প্রবাসে নিজেদের ব্যবসা ও পণ্যের পরিচিতি বাড়াতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এর মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়। পাশাপাশি নারী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রও প্রসারিত হয়।
মেলায় আগত দর্শনার্থীরাও আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নিজেদের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখার সুযোগ তৈরি করে।
মেলার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই-এর প্রতিষ্ঠাতা রোকসানা মজুমদার, ফোরামের সভাপতি ও অ্যাডমিন নাজমা সুলতানা এবং মডারেটর সাইদা কায়সার জাহান সাইমন।
এ ছাড়া মেলার আয়োজন, নারী উদ্যোক্তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখার বিষয়ে বক্তব্য দেন নারী নেত্রী নিশাত জাহান চৌধুরী নিশু, প্র্যাকটিশনার ও অ্যাসথেটিক বিশেষজ্ঞ ডা. আমানা মোহাম্মদ, মডারেটর প্রকৌশলী শারফিনা আফরোজ এবং গ্রুপ এক্সপার্ট সাদিয়া আফরিনসহ অন্যরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং তাঁদের পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিতি লাভ করবে। একই সঙ্গে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।
নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের শেকড় ও ঐতিহ্যের সংযোগ—এই দুইয়ের সমন্বয়ে এবারের ‘শরৎমেলা’ পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।




