‘বিরিয়ানির পর তরমুজ খেয়ে’ একই পরিবারের চারজনের মৃত্যু

Published: 27 April 2026

পোস্ট ডেস্ক :


খাদ্যে বিষক্রিয়ার কারণে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন, ৪০ বছর বয়সী আবদুল্লাহ ডোকাদিয়া, তার ৩৫ বছর বয়সী স্ত্রী নাসরিন এবং ১৬ ও ১৩ বছর বয়সের দুই কন্যা আয়েশা-জয়নাব। ভারতের মুম্বাইয়ের পাইধোনি এলাকায় ঘটেছে এই ঘটনা। দেশটির পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

মুম্বাই পুলিশের ভাষ্যমতে, গত ২৫ এপ্রিল কাছের আত্মীয়সহ পরিবারের নয়জন সদস্য স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১০টায় নৈশভোজের জন্য মিলিত হন । এরপর রাতের খাবার খেয়ে তারা বাড়িতে ফিরেন। পরবর্তীতে দিবাগত রাত ১টা থেকে দেড়টা নাগাদ একই পরিবারের ওই চারজন তরমুজ খায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সাড়ে ৫টা থেকে ৬টায় চারজনেরই বমি ও পাতলা পায়খানাসহ গুরুতর উপসর্গ দেখা দিতে শুরু করে। তখন প্রাথমিকভাবে একজন পারিবারিক চিকিৎসক তাদের চিকিৎসা দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের জে জে হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় পরিবারের ছোট মেয়ে রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে মারা যায়। এরপর একইদিনে রাত প্রায় রাত সাড়ে ১০টায় আবদুল্লাহর মৃত্যু হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থাতেই ওই ব্যক্তির স্ত্রী ও বড় মেয়েও মারা যান।

এনডিটিভি বলছে, তাদের সবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিন্তু হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওই পরিবারের এক সদস্য পুলিশকে জানান, তারা রাতে তরমুজ খাওয়ার আগে বিরিয়ানি খেয়েছিলেন।

দেশটির পুলিশ কর্মকর্তারা বলেন, খাদ্য বিষক্রিয়ার অভিযোগের বিষয়টি তদন্তাধীন।