ইতালিতে মেলোনি সরকারের শিক্ষানীতি ও বর্ণবাদের বিরুদ্ধে রোমের তরপিনাত্তারায় বিক্ষোভ: প্রবাসীদের তীব্র ক্ষোভ ও অধিকার রক্ষার দাবি

মিনহাজ হোসেন ইতালি: ইতালির ডানপন্থী দলের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের নতুন ‘স্কুল ডিক্রি’ ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে রাজধানী রোমের তরপিনাত্তারায় বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতালীয় মানবাধিকার কর্মী, দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা, সাধারণ শিক্ষার্থী ও অভিবাসী পরিবারগুলো এই সমাবেশে অংশগ্রহণ করেন।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুরে আলম সিদ্দিকী বাচ্চুর সার্বিক তত্ত্বাবধায়নে আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা-নিকাব নিষিদ্ধকরণ এবং ক্লাসরুমে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার সিদ্ধান্তকে “বর্ণবাদী ও বৈষম্যমূলক” আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


সমাবেশে উপস্থিত স্থানীয় ইতালীয় আন্দোলনকারীরা জানান, বহু সংস্কৃতি ও নানা দেশের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সুপরিচিত তরপিনাত্তারা এলাকা। সরকারের ধারাবাহিক আক্রমণের প্রতিবাদেই সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে।
এক ইতালীয় নারী প্রতিনিধি বলেন, “স্কুলে কতজন অভিবাসী শিশু থাকতে পারবে তা সীমিত করা কিংবা মুসলিম নারীরা কী পোশাক পরবেন তা ঠিক করে দেওয়ার মতো প্রস্তাবনাগুলোতে মানুষ ক্লান্ত। চারপাশে যে বর্ণবাদী আবহ তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে এলাকার মানুষ একত্র হয়ে ‘আর না’ বলে প্রতিবাদে সামিল হয়েছে।”
সমাবেশে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও সোচ্চার ভূমিকা পালন করেন। এক বাংলাদেশি ছাত্রী বলেন, “শিক্ষার্থী হিসেবে আমাদের পরিচয় একটিই—আমরা স্টুডেন্ট, এখানে কোনো কোটা থাকা উচিত নয়। আর হিজাব পরা বা না পরা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত।”
প্রবাসী কমিউনিটি নেতারা মেলোনি সরকারের নীতিকে ইতালির ঐতিহ্যগত শান্তির পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন।

দীর্ঘদিন ধরে ইতালিতে স্থায়ীভাবে বসবাসরত অভিবাসীরা জানান, প্রবাসীরা দেশের আইন মেনেই শান্তিপূর্ণ জীবনযাপন করছেন।
একই সাথে সমাবেশ থেকে মুসলিম সম্প্রদায়ের প্রতি সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।

তরপিনাত্তারার এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রবাসীরা একসুরে হুঁশিয়ারি দেন, সরকার যদি তাদের এই নীতি পরিবর্তন না করে, তবে আগামীতে সমগ্র ইতালি জুড়ে আরও বড় আকারের বৈষম্যবিরোধী ও মানবাধিকার রক্ষার আন্দোলন গড়ে তোলা হবে।




