লিভারপুলের টানা দ্বিতীয় হার

Published: 4 February 2021

পোস্ট ডেস্ক : অ্যাওয়ে ম্যাচে জয় পেলেও ঘরের মাঠে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না লিভারপুল।

চলতি মৌসুমে অ্যানফিল্ডে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেতে হলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ব্রাইটনের কাছে ১-০ গোলে হারলো অল রেডরা। জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রাইটনের স্টিভেন আলজাতে।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। হেন্ডারসনের দারুণ পাস থেকে লক্ষভ্রষ্ট শট নেন মোহাম্মদ সালাহ।

৫৬তম মিনিটে ম্যাচের একমাত্র গোলের দেখা পায় ব্রাইটন। বাঁ দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল পেয়ে দক্ষতার সঙ্গে বল জালে জড়ায় ইংলিশ ফরোয়ার্ড স্টিভেন।

প্রিমিয়ার লীগে ঘরের মাঠে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকার পর গত ২১শে জানুয়ারি তারা বার্নলির বিপক্ষে হেরে বসে। পরের দুই রাউন্ড প্রতিপক্ষের মাঠে জেতার পর এবার হারল ব্রাইটনের কাছে।

আট বছর পর এই প্রথম ঘরের মাঠে টানা দুটি ম্যাচ হারলো লিভারপুল। ২০১২ সালের সেপ্টেম্বরে সবশেষ তারা টানা হেরেছেল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ জয়ে রীতিমত উড়ছে ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে ইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পেপ গার্দিওলার দল। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার চারে অবস্থান লিভারপুলের।