ভদ্র সমাজ বলে আর কিছু রইলো না…
পোস্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মমতা।

বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে প্রচারণায় নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বেরোনোর সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তার মাথা, কপাল ও পায়ে আঘাত লাগে। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন মমতা।
ঘটনার পরপরই দেহরক্ষীরা মমতাকে টেনে তুলে গাড়িতে ওঠান এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সড়কপথে কলকাতায় ফিরিয়ে নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতালের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, মমতার চিকিৎসার জন্য প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এক্স-রে করার পর তার চোট গুরুতর হলে রাতেই পায়ে প্লাস্টার করা হবে। এমনটা হলে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে।
মমতার ওপর এই হামলায় ক্ষেপেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। তিনি বুধবার রাতে লিখেছেন, যদি সত্যিও কেউ মাননীয়াকে আঘাত করে থাকেন, তাহলে সেটা চরম নোংরামি ছাড়া আর কিছু না। তিনি একজন নারী। আমাদের রাজ্যের মূখ্যমন্ত্রী। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি একদম নির্দলীয় জায়গা থেকে বললাম। ঝাপিয়ে পড়ে ভুলভাল লিখবেন না। আর হ্যাঁ, উনার পায়ে ব্যাথার ছবি নিয়ে হাসাহাসিটাও অসহ্য লাগছে। ভদ্র সমাজ বলে আর কিছু রইলো না ছিঃ…

এই এ ঘটনায় নিন্দা জানিয়ে টুইট করেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘মমতা দিদির ওপর হামলার তীব্র নিন্দা জানাই। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি।’
ঢাকায় নেওয়া ইমনের সাক্ষাৎকার পড়ুন- ‘নিউ মার্কেটের জিন্সগুলো দেখে ভীষণ লোভ হয়’
কংগ্রেস নেতা অভিজিত মুখার্জি টুইট করে লিখেছেন, ‘আমি মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করি। জড়িতদের অবশ্যই সাজা পেতে হবে। দিদি, আপনি যে কঠিন লড়াইয়ে আছেন তাতে এগিয়ে যাবেন এবং বিজয়ী হবেন।

এদিকে ইমন চক্রবর্তী সদ্য নতুন জীবনে প্রবেশ করেছেন। সংসার জীবনে সময় দিচ্ছেন। ‘তুমি যাকে ভালোবাসো’ গান দিয়ে তুমুল আলোচনায় আসেন ইমন। অবশ্য এক্ষেত্রে অনুপমকেই ক্রেডিট দেন তিনি। ইমন বলেন, আমার মিউজিক্যাল ক্যারিয়ারে অনুপম রায় নামটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিঃসন্দেহে বলতে পারি, ‘তুমি যাকে ভালবাসো’র পর আমার জীবনে ভাল যা কিছু হয়েছে তার সব কিছুর জন্য অনুপমদা দায়ী।




