ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফ্ল্যাট সংস্কারের অর্থের উৎস নিয়ে তদন্ত করছে নির্বাচন কমিশন
পোস্ট ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি ফ্ল্যাটের সংস্কারের জন্য অর্থ সরবরাহ করা নিয়ে কনজার্ভেটিভ পার্টির কাছে জবাব চেয়েছে দেশটির নির্বাচন কমিশন।

সংস্কারের কাজে ব্যয় করা অর্থের সঙ্গে রাজনৈতিক অনুদানের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, কনজার্ভেটিভ পার্টির প্রায় ৬০ হাজার পাউন্ড ওই সংস্কারে ব্যয় করা হয়েছে। তবে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে যে, সব ধরণের নিয়ম মানা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি অ্যালেগ্রা স্ট্রাটন জানিয়েছিলেন যে, দলীয় কোনো তহবিল দিয়ে ডাউনিং স্ট্রিটের কোনো সম্পত্তির সংস্কার করা হয়নি। ডাউনিং স্ট্রিটের ওই ফ্ল্যাটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তাকে নিয়ে থাকেন। সেখানে ব্যাপক সংস্কার চলছে। এর খরচ নিয়ে গণমাধ্যমে এখন রিপোর্ট আসতে শুরু করেছে।
এরপরই শনিবার কনজার্ভেটিভ দলের সঙ্গে যোগাযোগ করেছে ব্রিটিশ নির্বাচন কমিশন। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়, কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং রাজনৈতিক অর্থায়নের সচ্ছতা নিশ্চিতে তথ্য প্রকাশ করা হবে।
জবাবে কনজার্ভেটিভ দলের মুখপাত্র জানান, দলের সকল অনুদানের তথ্য নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে এবং তারা সেসব প্রকাশও করেছেন।




