১৬ কোটি টাকা দিয়ে যা করবেন আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়
পোস্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের সবচেয়ে বেশি দামি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস।

তাকে ভারতীয় মুদ্রায় ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। শুধু এবারের আসরেই নয়; মরিসকে বলা হচ্ছে— আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়।
দামের ক্ষেত্রে এতদিন ধরে রেকর্ডটি ছিল ভারতের ২০১১ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে।
২০১৫ সালের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে ১৬ কোটি রুপিতে যুবরাজকে ছিনিয়ে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।
২০২১ সালের আসরে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হলেন কিউই পেসার কাইল জেমিসন। তাকে ১৫ কোটি রুপি দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
১৪ কোটি রুপিতে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসে ভিড়েছেন ঝাই রিচার্ডসন। সর্বোচ্চ দামের তালিকায় তিনি তৃতীয়।
৯ এপ্রিল থেকে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের ১৪তম আসর।
এরই আগে প্রশ্ন উঠেছে— আইপিএল থেকে পাওয়া ১৬ কোটি রুপি দিয়ে কী করবেন ক্রিস মরিস? কোন কাজে খরচ করবেন এত টাকা?
মরিস জানিয়েছেন, পরিবারের জন্যই এই টাকা খরচ করতে চান তিনি।
টাকা খরচের দীর্ঘ তালিকা দেখালেন মরিস। বললেন, ‘ এ নিয়ে আমার বিশেষ কিছু কেনার পরিকল্পনা নেই। আমি শুধু আমার পরিবারের প্রতি দৃষ্টি দিতে চাই। নিশ্চিত করতে চাই যে, একদিন যেন আমার সন্তানরা স্কুলে যেতে পারে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। ১৮ বছর বয়স হলে লাইসেন্স পাওয়ার পর প্রয়োজন হলে আমি যেন ওদের গাড়ি কিনে দিতে পারি। যেন পরিবারকে নিয়ে বেড়াতে যেতে পারি। আমি শুধু চাই আমার পরিবার যেন ভালো থাকে।’
আইপিএল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মরিস বলেন, ‘সত্যি বলতে, আমি ভাগ্যবান। আইপিএল আমার কাছে সৌভাগ্যের। প্রথম দিকে চাপ ছিল, অস্বীকার করব না। আইপিএল শুধু নয়, যে কোনো ধরনের ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রেখেই ভালো খেলে যেতে হয়।’
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস




