শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি
পোস্ট ডেস্ক : ড্রয়ের পথে থাকা ক্যান্ডি টেস্টের ব্যাটিং স্বর্গে ১০৭ রানে লিড নেয়ার পর প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে লঙ্কানরা করে ৮ উইকেটে ৬৪৮ রান। বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৫৪১/৭ রানে। শেষ দিনের দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেটে হারিয়ে বসে বাংলাদেশ। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা সাইফ হাসান আবারো ব্যর্থ। ১ রানে ফেরেন তিনি। প্রথম ইনিংসে ১৬৩ রান করা নাজমুল হোসেন শান্ত এবার রানের খাতাই খুলতে পারেননি। ৮ বলে শূন্য রানে সুরঙ্গা লাকমলের দ্বিতীয় শিকার হন শান্ত।
শুরুর ধাক্কা সামলে ফিফটি তুলে নিয়েছেন তামিম ইকবাল। টেস্ট ক্যারিয়ারে এই বাঁহাতি ওপেনারের এটি ৩০তম অর্ধশতক। প্রথম ইনিংসে তামিম করেছিলেন ৯০ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। তামিম ৬৩ ও মুমিনুল হক অপরাজিত রয়েছেন ১০ রানে। এখনো ৩৩ রানে পিছিয়ে বাংলাদেশ।
প্রথম সেশনে দারুণ বোলিং করেন বাংলাদেশের বোলাররা। পাল্লেকেলেতে পঞ্চম দিনের পঞ্চম ওভারে ধনঞ্জয়াকে (১৬৬ রান) ফিরিয়ে ৩৪৫ রানের জুটির ইতি টানেন তাসকিন। কিছুক্ষণ পরই তাসকিনের তৃতীয় শিকার হন ক্যারিয়ারসেরা ইনিংস খেলা করুনারত্নে (২৪৪ রান)। তরুণ ব্যাটসম্যান পাথুম নিশানকাকে ১২ রানে ফিরিয়ে প্রথম সাফল্যের দেখা পান এবাদত হোসেন। দ্রুত রান তুলতে থাকা নিরোশান ডিকভেলা (৩১ রান) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (৪৩ রান) সাজঘরের পথ ধরান তাইজুল ইসলাম।




