মরগ্যানকে ধুয়ে দিলেন শেবাগ!
পোস্ট ডেস্ক :

আইপিএলে গতকাল সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে টানা চার হারের পর জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেই এক অদ্ভুত ঘটনা দেখা যায়। দলের ফিল্ডিংয়ের সময় ডাগআউটে একটি টেবিলে ‘৫৪’ লেখা একটি প্ল্যাকার্ড রাখেন কলকাতার অ্যানালিস্ট ন্যাথান লেমন। এর মাধ্যমে তিনি অধিনায়ক মরগ্যানকে কোনো বার্তা দিয়েছিলেন। এতেই চটে গেছেন শেবাগ। তার মতে, বাইরে থেকে দল পরিচালনা করা হলে অধিনায়ক মরগ্যানের দরকার কী?
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে ভারতের সাবেক এই বিধ্বংসী ওপেনার বলেছেন, ‘আমরা সেনাবাহিনীতে কেবল এই ধরনের কোড শব্দ ব্যবহার করতে দেখি। মনে হয়, ‘৫৪’ তাদের পরিকল্পনার একটি নাম, যেটা হতে পারে নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট একজন বোলারকে বোলিং দেওয়া। এটা সামান্য সাহায্য, যেটা ম্যানেজমেন্ট ও কোচরা ডাগআউট থেকে অধিনায়ককে করতে চায়। এটার বিরোধিতা করার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আমার মতে, বাইরে থেকে অবশ্যই সাহায্য পেতে পারে। কিন্তু অধিনায়কের নিজেরও কিছু ভাবনা থাকে, কখন কোন বোলার ব্যবহার করবে। বলছি না, বাইরে থেকে সাহায্য না নিতে, কারণ দলের ২৫তম খেলোয়াড়ও মাঝেমধ্যে ভালো পরামর্শ দিতে পারে। তবে তারা যদি খেলাটিকে বাইরে থেকে এভাবে নিয়ন্ত্রন করে, তাহলে যে কেউই অধিনায়ক হতে পারে, তাই না? যে ক্রিকেটীয় সহজাত শক্তিতে মরগ্যান বিশ্বকাপ জিতেছিল, এখানে সেই ক্ষমতার অধিকারী মরগ্যানের কোনো ভূমিকা থাকল না।’




