সিলেটের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অবনতিতে সিলেট চেম্বারের উদ্বেগ

Published: 16 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

গত কিছুদিন যাবৎ সিলেট শহরে বিদ্যুৎ বিভ্রাট মারাত্মক আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এ ব্যাপারে এক বিবৃতিতে চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ঘন ঘন লোডশেডিং, কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চলে যাওয়া, হালকা বাতাস হলেই দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ না থাকা ইত্যাদি সমস্যায় সিলেটের ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণ অতিষ্ট। বিশেষ করে এই গরমের সময়ে পিক আওয়ার ও রাতে বিদ্যুৎ না থাকায় শহরবাসী খুব অসুবিধার মধ্যে দিনযাপন করছেন। চেম্বার সভাপতি আরো বলেন, সিলেটে বড় কোন শিল্প প্রতিষ্ঠান না থাকায় সিলেটের বেশিরভাগ ব্যবসায়ীরা ট্রেডিং ব্যবসার উপর নির্ভরশীল। করোনার কারণে দীর্ঘদিন লকডাউন থাকার পর বর্তমানে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিদ্যুতের অসুবিধার কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসায় বাসা-বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকলের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সিলেট গ্রীডে পর্যাপ্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটায় সিলেটের ব্যবসায়ীরা ক্ষুব্ধ বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অদ্য ১৬ জুন সিলেট চেম্বারের পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হয়েছে। উক্ত পত্রে সিলেটের দক্ষিণ সুরমায় নির্মাণাধীন নতুন বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সিলেট চেম্বার।