স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে করোনার ভুয়া রিপোর্ট
পোস্ট ডেস্ক :

স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তি প্রতারণার নতুন কৌশল অবলম্বন করেছেন। তিনি চলমান করোনা মহামারিকে এক্ষেত্রে ব্যবহার করেছেন। ২৬ বছর বয়সী ওই যুবক করোনায় আক্রান্ত হওয়ার একটি ভুয়া রিপোর্ট তৈরি করেছেন, যাতে তিনি স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারেন। অনলাইন টাইমস নাউ সোমবার পুলিশকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, ওই যুবকের বসবাস মৌ এলাকায়। তিনি এ বছর ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন। কিন্তু ‘কিছু ব্যক্তিগত কারণে’ তিনি স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে চাইছিলেন।
ফলে তিনি একটি বেসরকারি ল্যাবরেটরির ওয়েবসাইট থেকে অন্য এক ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট ডাউনলোড করেন।
ওই ব্যক্তির নামের স্থানে নিজের নাম বসিয়ে দেন। ছোটি গোয়ালতোলি পুলিশ স্টেশনের ইনচার্জ সঞ্জয় শুকলা বলেন, এরপর তিনি ওই ভুয়া রিপোর্ট পাঠিয়ে দেন পরিবারের কাছে। কিন্তু যখন তিনি বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান, তখন তার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। ফলে পরিবারের সদস্যরা তার আক্রান্ত হওয়া নিয়ে সংশয় পোষণ করেন।
পুলিশ কর্মকর্তা সঞ্জয় বলেন, ওই ব্যক্তি ভুয়া ওই রিপোর্ট হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তার পিতা, স্ত্রীর কাছে পাঠান। পরে লাপাত্তা হয়ে যান। এক পর্যায়ে যে ল্যাবরেটরির ওয়েবসাইট থেকে ওই রিপোর্ট ডাউনলোড করেছিলেন তিনি, সেখানে যোগাযোগ করেন তারা। তাতে ধরা পড়ে তার প্রতারণা।
ওই ল্যাবরেটরি কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ করে। ফলে ভারতীয় দ-বিধির অধীনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সঞ্জয় শুকলা বলেন, তদন্তের অধীনে ওই ব্যক্তিকে পুলিশ স্টেশনে হাজির হওয়ার নোটিশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর মার্চে ব্রিটিশ এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে একই ধরণের প্রতারণা করেছিলেন। ওই সময়ে তিনি তার গোপন প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ইতালিতে। করোনার লক্ষণ দেখা দেয়ায় ওই ব্যক্তি ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক সমন্বয়কের কাছে স্বীকার করেন যে, তার করোনা হয়েছে।




