ইউরো ফাইনাল আবার আয়োজনে অনলাইন পিটিশনে স্বাক্ষর লক্ষাধিক ইংল্যান্ড সমর্থকের
পোস্ট ডেস্ক :

ইউরোর ফাইনাল ম্যাচ আবারো নতুন করে আয়োজনের দাবি তুলেছেন ইংলিশ সমর্থকরা। ইতালির কাছে ৩-২ গোলে হেরে এখন এই ম্যাচ পুনরায় আয়োজন করতে অনলাইন পিটিশনে স্বাক্ষর করতে শুরু করেছেন ইংলিশরা। এরইমধ্যে এক লাখ ছাড়িয়েছে স্বাক্ষর সংখ্যা।
ফাইনালে ভাল খেলেই জিতেছে ইতালি। যদিও ১২০ মিনিট শেষেও দুই দল ছিল ১-১ সমতায়। তাই শিরোপার মীমাংসা পেনাল্টি শুটআউটেই করতে হয়েছে। সেখানে ইতালির হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আন্দ্রেয়া বেলোত্তি ও জর্জিনিও। ওদিকে ইংল্যান্ডের পক্ষে সে ভুল করেছেন মার্কাস রাশফোর্ড, জাডোন সাঞ্চো ও বুকায়ো সাকা। অবশেষে ৩-২ ব্যবধানে জিতে ইউরো ফাইনাল নিজেদের করে নিলো ইতালি।
কিন্তু ইংলিশ ফুটবলের ভক্তরা এখনো মানতে পারছেন না ট্রফি তাদের হয়নি।
তাদের ধারণা ইতালিকে লাল কার্ড দেখানো উচিৎ ছিল। পিটিশনের পেছনে থাকা একজন জানিয়েছেন, এত ধাক্কা, টানাহেঁচড়া, লাথি মারার পরও ইতালিকে জিততে দেয়া হলো? অবশ্যই রেফারি পক্ষপাতিত্ব করেছেন। যেভাবে খেলেছে, ইতালিকে অবশ্যই লাল কার্ড দেখানো উচিত ছিল। পুনরায় এ ম্যাচ কোনো নিরপেক্ষ রেফারির অধীনে খেলানো দরকার। এ ফল একেবারেই ন্যায্য না।




