মোটর সাইকেলের পেছনে বসা যাত্রীর ছুরিকাঘাতে চালক মেরে খুন
বিশেষ সংবাদদাতা :

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার শিয়ালী নামক স্থানে ছুরিকাঘাতে এক মোটর সাইকেল চালক খুন হয়েছেন। নিহত যুবকের নাম ইব্রাহীম হোসেন ফয়সাল (২৪)। বৃহস্পতিবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফয়সাল কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, বৃহস্পতিবার বিকেলে ফয়সাল মহিপুর থেকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে বরিশাল যান। রাতে বরিশাল থেকে ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে এক আরোহী পেছন থেকে ফয়সালকে ছুরি মারলে রাস্তার পাশে পড়ে যান চালক। ঘটনার পরপর এক অ্যাম্বুলেন্স চালক আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়। হাসপাতালেই ওই যুবকের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, নিহত ফয়সালের মোটরসাইকেলে থাকা এক যাত্রী সুজনকে (২২) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের ব্যাপারে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুজনের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভাংড়া এলাকার মো. বেল্লালের ছেলে।
ফয়সাল কিছুদিন আগে মাদকসহ গ্রেপ্তার হয়। পুলিশের ধারনা, মাদক সংশ্লিষ্ট কোন বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।




