একসঙ্গে বাসা থেকে বেরিয়ে ফিরলেন লাশ নিয়ে

Published: 2 August 2021

বিশেষ সংবাদদাতা :

বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। রবিবার (১ আগস্ট) রা‌তে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামে বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সোনাতলা উপজেলার কুশারঘুপ গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেনের স্ত্রী জেসমিন আক্তার শিমু (৪০) ও তার মেয়ে বগুড়া পুলিশ লাইন্সস স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী আফরিন জাহান অমি (১৬)।

জানা যায়, ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রাম থেকে বগুড়ার লতিফপুর মধ‌্যপাড়ার ভাড়া বাসায় ফিরছিলেন। বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে স্ত্রী ও মেয়ে রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা বগুড়াগামী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যান। আলতাফ হোসেন আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় আলতাফ হোসেন তার স্ত্রী ও মেয়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন।

বগুড়া শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও পুলিশ না আসায় স্বজনরা লাশ নিয়ে বাড়ি যান।