মেসির বার্সা ত্যাগের দায় অস্বীকার পেরেজের
পোস্ট ডেস্ক :

বার্সেলোনার পাঠ চুকিয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। অনিচ্ছা সত্ত্বেও প্রিয় ক্লাবকে বিদায় জানাতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। অভিযোগ উঠেছে ফ্লোরেন্তিনো পেরেজে পরিকল্পনায়ই বার্সা ছাড়তে হয়েছে মেসিকে। বিষয়টি অস্বীকার করেছেন রিয়াল সভাপতি।
অর্ধেক বেতন কমিয়ে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চেয়েছিলেন মেসি। কিন্তু লা লিগার বেতন কাঠামোজনিত জটিলতায় সেটি সম্ভব হয়নি। মেসির বিদায়ের পর পদত্যাগ করে বোমা ফাটান ইস্পাই বার্সা কমিশনের সদস্য ইয়োপিস। তার দাবি, মেসিকে রাখতে অনেক পথই খোলা ছিল বার্সেলোনার সামনে। কিন্তু পেরেজের পরিকল্পনা বাস্তবায়ন করতে তাকে সঙ্গ দিয়েছে বার্সেলোনা।
পেরেজ বলেন, ‘এটা অসম্ভব যে মেসির চলে যাওয়ার পেছনে আমার হাত আছে কিংবা বার্সেলোনার নেয়া কোনো সিদ্ধান্তে। আশা করবো ইয়োপিস তার মিথ্যা বক্তব্য সংশোধন করবে।’
ইয়োপিসের দাবি, এই কাজে পেরেজকে বার্সেলোনার নতুন সিইও ফেররান রেভেরতের। তিনি বলেন, ‘নতুন সিইও ফেররান রেভেরতেরের পরামর্শেই সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের কাছে লা লিগার ১০ শতাংশ বিক্রি করে দেয়ার প্রস্তাবে সই করেননি লাপোর্তা, তাছাড়া তার পরামর্শেই পেরেজের সঙ্গে তিনি থেকে গেছেন সুপার লীগ প্রজেক্টে।’
ইয়োপিস বলেন, ‘রেভেরতের হলেন পেরেজের দীর্ঘ দিনের বন্ধু। তাদের মিলিত প্রচেষ্টা লাপোর্তার মত বদলে দেয় এবং আলোচনা (মেসির চুক্তির ব্যাপারে) বন্ধ হয়ে যায়।’
সম্প্রতি লা লিগা তাদের ব্যবসার ১০ শতাংশ বেসরকারি ইক্যুইটি ফার্ম সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের কাছে বিক্রির উদ্যোগ নেয়। তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছে প্রতিযোগিতাটির সফলতম দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।




