রোনালদোর দলবদলে নতুন মোড়

Published: 27 August 2021

পোস্ট ডেস্ক :


ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল নাটকে নতুন মোড়। ম্যানচেস্টার ইউনাইটেড ফেরাতে চায় তাদের সফল তারকাকে। এই ম্যানইউতেই তারকাখ্যাতি পেয়েছেন রোনালদো। ম্যানচেস্টার সিটিকে ঘিরে গুঞ্জন চলছিল। হঠাৎ দৃশ্যপটে ম্যানইউ। রেড ডেভিল কোচ ওলে গানার সুলশার জানিয়েছেন রোনালদোকে নিয়ে ইউনাইটেডের আগ্রহের কথা।

এই নরওয়েজিয়ান কোচ বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো? তার সঙ্গে আমাদের ভালো যোগাযোগ রয়েছে। ব্রুনো (রোনালদোর জাতীয় দল সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ) তার সঙ্গে কথা বলেছে। সে জানে এ ব্যাপারে আমাদের অনুভূতি কী।

রোনালদো যখনই জুভেন্টাস ছাড়বে সে জানে আমরা আছি।’

এরই মধ্যে জুভেন্টাসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন পর্তুগিজ সুপারস্টার। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানি অ্যালেগ্রি জানিয়েছেন, ‘রোনালদো ক্লাব ছাড়তে চায়। এটা সত্যি এবং নিশ্চিত।’ জুভেন্টাস কোচের এমন মন্তব্যের পরই ইতালি ছেড়েছেন রোনালদো। ব্যক্তিগত বিমানে ইতালি ছাড়েন তিনি। তার আগে গিয়েছিলেন জুভেন্টাসের অনুশীলনে। বিদায় জানিয়ে এসেছেন সতীর্থদের।