১ কোটি ৩০ লাখ মানুষের শহরে লকডাউন জারি করলো চীন

Published: 23 December 2021

পোস্ট ডেস্ক :


১ কোটি ৩০ লাখ বাসিন্দার শহর জিয়ানে লকডাউন জারি করেছে চীন। সেখানে অধিবাসীদের মধ্যে নতুন করে কোভিড ছড়িয়ে পরায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। এরফলে এই শহর থেকে বাইরে যাওয়া এবং শহরের মধ্যে চলাচল নিষিদ্ধ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৬ দিন ধরেই জিয়ানে কোভিড সংক্রমণ বাড়ছে। অন্য দেশগুলোর তুলনায় কম হলেও গত ৯ ডিসেম্বরের পর থেকে ২ শতাধিক মানুষের কোভিড শনাক্ত হয়েছে চীনে। তবে সেখানে কারো কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়নি।

নতুন নিয়ম অনুযায়ী, জিয়ান থেকে কাউকে বের হতে হলে তার অবশ্যই কোভিড-১৯ পরীক্ষা করতে হবে এবং তার ফলাফল নেগেটিভ হতে হবে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনও বাধ্যতামূলক করা হয়েছে।

শহরটিতে চলাচল করা দূর পাল্লার বাস বন্ধ করে দেয়া হয়েছে। শহরের মধ্যে ট্যাক্সি ও গাড়ি ভাড়া করে চলাচলের সেবাগুলোও বন্ধ রয়েছে। এছাড়া শহর থেকে বের হওয়ার রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জিয়ান থেকে আসা বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, শহরটির প্রধান সড়কগুলো একদম ফাঁকা। বৃহস্পতিবারের পর থেকে শহরটির প্রতি পরিবার থেকে যে কোনো একজন বাজার করতে বাইরে যেতে পারবে। বাতিল করা হয়েছে জিয়ানের সঙ্গে থাকা সব ফ্লাইট। এরইমধ্যে পুরো শহরে অন্তত দু বার গণ পরীক্ষা চালিয়েছে চীন। এছাড়া, সম্প্রতি যারা জিয়ান থেকে ফিরেছেন তাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে চীনের সিচুয়ান প্রদেশ ও চংকিং শহর।