তিন ভাগে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল
পোস্ট ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে তিন ধাপে দেশ ছাড়বে টিম টাইগার্স।
দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লীগের অংশ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে, ওয়ানডে দলে খেলোয়াড়রা আগে দেশ ছাড়বেন। প্রোটিয়া সফরের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে আগামীকাল শুক্রবার (১১ মার্চ) সকাল ১০.৪৫টায়। একই দিন দ্বিতীয় ফ্লাইট রাত ১১টায়। কাতার এয়ারলাইন্সে এই দুই ফ্লাইটের গন্তব্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।
শুধু টেস্ট দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা আগামী ১২ই মার্চ সকাল ১০:৪৫ মিনিটে কেপটাউনের উদ্দেশ্যে দেশ ছাড়বে। টেস্ট দলে সুযোগ পাওয়া ৬ ক্রিকেটারÑ মুমিনুল হক (অধিনায়ক), তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, শহীদুল ইসলাম, সাদমান ইসলাম, কাজী নুরুল হাসান সোহানদের সঙ্গে অতিরিক্ত হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাবেন নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন এবং আর রেজাউর রহমান রাজা।
ওয়ানডে দল আগামী ১২ই মার্চ দক্ষিণ আফ্রিকা পৌঁছবে।
একদিন বিশ্রাম নিয়ে ১৪ই মার্চ থেকে শুরু করবে অনুশীলন। এ সময় একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন বাংলাদেশ। ১৮ই মার্চ সেঞ্চুরিয়নে হবে প্রথম ওয়ানডে। জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচটি হবে ২০শে মার্চ। এরপর সিরিজের তৃতীয় ম্যাচটিও হবে সেঞ্চুরিয়নে, ২৩শে মার্চ।
৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে, পোর্ট এলিজাবেথে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা।
ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।




