যুক্তরাজ্যে ৫৫ বা তার বেশি বয়সীদের মধ্যে বাড়ছে কোভিড
পোস্ট ডেস্ক :

সামাজিক মেলামেশা বৃদ্ধি, অনাক্রম্যতা হ্রাস এবং ওমিক্রন ভেরিয়েন্টের থেকেও আরও সংক্রমণযোগ্য ভাইরাসের পুনরুত্থানের জন্য বয়স্ক ব্যক্তিদের মধ্যে কোভিডের প্রবণতা বাড়ছে। ইংল্যান্ডজুড়ে বাড়িতে বাড়িতে প্রায় ১ লক্ষ সোয়াব পরীক্ষা করার পর দেখা গেছে জানুয়ারীতে সংক্রমণ সামগ্রিকভাবে কমেছে। ৩৫ জনের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন কোভিডে। কিন্তু ৮ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যের পরীক্ষার ফলাফল বলছে ৫৫ বছর বা তার বেশি বয়সীদের শরীরে কোভিড প্রভাব বিস্তার করছে। ইম্পেরিয়াল কলেজের রিঅ্যাক্ট-১ সমীক্ষার বিজ্ঞানীরা বলেছেন যে, R মান (একজন সংক্রামিত ব্যক্তি যতজন লোকের কাছে ভাইরাসটি পাস করে) – ৫৪ বা তার কম বয়সীদের ক্ষেত্রে ১ এর নিচে ছিল, যার অর্থ কেস হ্রাস পেয়েছে। কিন্তু ৫৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য, R মান দাঁড়িয়েছে ১.০৪। এই পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েছে, কারণ বয়স্ক ব্যক্তিদের গুরুতর কোভিডে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই হ্রাস পেতে পারে। শুধু তাই নয়, অনেকেই বুস্টার ডোজ নিয়েছেন বেশ কয়েকমাস আগে।
সাম্প্রতিক সরকারী পরিসংখ্যানগুলি বলছে , যুক্তরাজ্যের ক্ষেত্রে কোভিডের প্রবণতা ৪৬ % বৃদ্ধি পেয়েছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ১২ %। রিঅ্যাক্ট স্টাডির ডিরেক্টর প্রফেসর পল এলিয়ট বলেছেন, ২৪শে ফেব্রুয়ারি ইংল্যান্ডে কোভিড সংক্রান্ত সমস্ত আইনি বিধিনিষেধ তুলে নেওয়া, ফলে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে সামাজিক মেলামেশা এবং বুস্টার শট থেকে সুরক্ষা হ্রাস কোভিডের উত্থান ঘটিয়েছে। দুই বছর ধরে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা লোকেরা এমন একটি বিশ্বে আবির্ভূত হচ্ছে যেখানে সংক্রমণ এখনও ছড়িয়ে আছে। ওমিক্রন-এর BA.2 ফর্মকেও কোভিডের সংক্রমণ বাড়ার অন্য একটি কারণ বলে মনে করা হচ্ছে। কারণ BA.2 ফর্মটি BA.1 এর চেয়ে অনাক্রম্যতা এড়াতে বেশি সক্ষম, তবে এটি গুরুতর রোগের সৃষ্টি করে না। তবে দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। আর তাই BA.2 আরও সংক্রমণযোগ্য এবং মহামারীর ওমিক্রন তরঙ্গকে দীর্ঘায়িত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এপ্রিলের শুরুতে যুক্তরাজ্যে ভ্যাকসিনেশনের উপর আরও জোর দেওয়া হবে। ৭৫ বছরের বেশি বয়সী এবং ক্লিনিকালি দুর্বলদের চতুর্থ শট দেওয়া হবে, পাপাশি গুরুতরভাবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন লোকদের ক্ষেত্রে পঞ্চম শট দেওয়া হবে- জানিয়েছেন বৃটিশ সরকারের রেসপিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপ (নার্ভট্যাগ) এর সদস্য অধ্যাপক পিটার ওপেনশ।
মার্ক উলহাউস, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের মহামারীবিদ্যার অধ্যাপক বলেছেন যে কোভিডের BA.2 তরঙ্গের আকার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব, তবে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন। ইম্পেরিয়াল কলেজের ইমিউনোলজির অধ্যাপক ড্যানি অল্টম্যান- এর মতে, ”ভাইরাসের সাম্প্রতিক উত্থান আমাদের কিছু পূর্বাভাস দিচ্ছে । যেমন স্কটল্যান্ড এবং হংকংয়ে সাম্প্রতিক স্পাইকের পর্যবেক্ষণ করলে আমরা অনেক কিছু দেখতে পাব। দেখা গেছে কেসলোডগুলি কোনওভাবেই কম বা নিয়ন্ত্রণে ছিল না। BA.2 এর বর্ধিত সংক্রমণ জানান দিচ্ছে- আমরা একটি কঠিন সময়ের মধ্যে আছি, বিশেষ করে বয়স্কদের জন্য। ” সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নিয়মিত বুস্টার শট প্রয়োগ দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। অধ্যাপক পিটার ওপেনশ বলেন, কেস বৃদ্ধি এবং হাসপাতালে ভর্তি হওয়া মানুষকে মনে করিয়ে দেওয়া উচিত যে, মহামারী শেষ হয়নি। তাই আরো সতর্ক হওয়ার প্রয়োজন আছে।




