নেইমারকে নিয়ে দল ঘোষণা ব্রাজিলের
পোস্ট ডেস্ক :

চোটের কারণে দীর্ঘ ২ মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ফিরেছেন ফুটবলে। খেলেছেন ফরাসি লীগ ওয়ান এবং চ্যাম্পিয়নস লীগের ম্যাচগুলো। এবার জাতীয় দলে ডাক পেলেন ব্রাজিলিয়ান সেনসেশন। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৫ জনের স্কোয়াডে নেইমারকে রেখেছেন ব্রাজিল কোচ তিতে।
গত ২৮শে নভেম্বর লিগ ওয়ানের ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারেননি তিনি। চোট কাটিয়ে গত ১৬ই ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে ফেরেন নেইমার।
চলতি মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। সবশেষ গত জানুয়ারির বাছাইয়ের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেননি তিতে।
বাদ পড়েছেন জুভেন্টাস ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসেরও।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী ২৪শে মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে খেলার পর ২৯শে মার্চ বলিভিয়ার আতিথ্য নেবে সেলেসাওরা। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (বার্সেলোনা), অ্যালেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (জুভেন্টাস)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কুটিনহো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), আন্তোনি (আয়াক্স)।
ফরোয়ার্ড: রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিশন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।




