চেলসি বিক্রিতে আব্রামোভিচ-যুক্তরাজ্যের সমঝোতা

Published: 12 March 2022

পোস্ট ডেস্ক :


ভ্লাদিমির পুতিনের আগ্রাসন রাশিয়া-ইউক্রেন ছাড়িয়ে প্রভাব ফেলছে ইংলিশ প্রিমিয়ার লীগেও। চেলসির মালিক রোমান আব্রামোভিচ ‘পুতিন’স ম্যান’ হওয়ায় অস্থিরতা বিরাজ করছে স্ট্যামফোর্ড ব্রিজে। গত বৃহস্পতিবার রুশ ধনকুবেরের সম্পদ জব্দ করার নির্দেশ দেয় যুক্তরাজ্য সরকার। তাই প্রিয় ক্লাব চেলসির বিক্রির ঘোষণা দিয়েও সমাধান পাচ্ছিলেন না আব্রামোভিচ। যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞায় ক্লাব বিক্রির প্রক্রিয়াও বন্ধ হওয়ার কথা ছিল। অবশেষে জটিলতার ইতি হচ্ছে, চেলসি বিক্রি করতে সমঝোতায় পৌঁছেছে আব্রামোভিচ ও যুক্তরাজ্য। খবর মেইল অনলাইনের।
চেলসি বিক্রির কার্যক্রম শুরু করতে ইতোমধ্যেই আব্রামোভিচের পরামর্শক দলের সঙ্গে আলোচনায় বসেছে বৃটিশ প্রধানমন্ত্রীর অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। বিক্রির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চায় যুক্তরাজ্য সরকার।

বৃটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছেন, চেলসিকে যত দ্রুত সম্ভব বিক্রি করে দেয়াই সমর্থক ও ক্লাবটির জন্য সবচেয়ে ভালো বলে মনে করছে যুক্তরাজ্য সরকার।

শর্ত হলো, চেলসির কাছ থেকে ঋণ বাবদ যে ১৫০ কোটি পাউন্ড পাওনা আব্রমোভিচের সেটি তাকে মওকুফ করতে হবে। একইসঙ্গে চেলসি বিক্রি থেকে কোনো লাভ দাবি করতে পারবেন না তিনি। যদিও পাওনা ছাড় দেয়ার কথা আগেই জানিয়েছেন আব্রামোভিচ।
যুক্তরাজ্য সরকার আব্রামোভিচের সম্পদ জব্দ করার নির্দেশ দেয়ার পর চেলসি বিক্রির প্রক্রিয়া থামিয়ে রেখেছিল ক্লাব বিক্রির দায়িত্বে থাকা ব্যাংক রেইনি। এবার যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের পর আব্রামোভিচ রেইনি গ্রুপকে আবার বিক্রির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ক্রেতা খুঁজে বের করে ক্লাবটি হস্তান্তর করার প্রক্রিয়া শেষ করতে বলেছেন তিনি।

ক্রেতাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার শেষ সময়ও নির্ধারণ করে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার আব্রামোভিচের সম্পদ জব্দ করার সময় মঙ্গলবার পর্যন্ত ডেডলাইন করা হয়েছিল। সেটি এখন বাড়িয়ে আগামী সপ্তাহের শেষ দিন পর্যন্ত করা হয়েছে।

চেলসি ক্রয়ের দৌড়ে রয়েছেন বৃটিশ ধনকুবের নিক ক্যান্ডি। ৪৯ বছর বয়সী এই প্রপার্টি ব্যবসায়ীর মুখপাত্র মেইল অনলাইনে বলেন, ‘আমরা বিক্রির ঘোষণাটি এখনো পর্যালোচনা করছি। কেনার প্রস্তাব পাঠাতে আগ্রহী আমরা।’