ইউক্রেনে আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা ব্রিটেনের

Published: 24 March 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বরিস জনসন পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনে সামরিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ব্রাসেলস সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে ন্যাটো ও জি-৭ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানেই ইউক্রেনে বৃটেন যেসব সামরিক সহায়তা পাঠাচ্ছে তার বিস্তারিত তুলে ধরবেন জনসন। তবে এরমধ্যে ৬ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানা গেছে। এ খবর দিয়েছে আউটলুক।

এক ঘোষণায় জনসন বলেন, ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা দিতে মিত্রদের সঙ্গে কাজ করে যাবে ব্রিটেন।

ইউক্রেনের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করা হবে। এর আগে ব্রিটেন ৪ হাজারের বেশি এন্ট-ট্যাংক অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনকে। এছাড়া বিবিসিকে ৫৩ লাখ ডলার দিয়েছে ব্রিটিশ সরকার। এই অর্থ ব্যয় করে যুদ্ধ নিয়ে রাশিয়া যে ভুয়া তথ্য ছড়াচ্ছে তার কাউন্টার দেয়া হবে।