মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইসমাইল হোসেন ভুইয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চৌমুহনী ইউনিয়নের উত্তর সমজদিপুর গ্রামের মোঃ আবু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় মিয়া (২৪) কে গ্রেপ্তার করে। সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের মোঃ বেনু মিয়ার পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামী সহ পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



