নবীগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০
পোস্ট ডেস্ক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিল মিয়ার ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের খলিল মিয়া ও একই গ্রামের হেলাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ওইদিন দুপুরে দুই পক্ষের মাঝে তীব্র উত্তেজনা দেখা দেয়। কথা কাটাকাটির একপর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে কলেজছাত্র মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।




