মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

Published: 30 October 2026

স্টাফ রিপোর্টার :

আনজুমানে আল ইসলাহ ইউকে, মিডল্যান্ডস ডিভিশনের উদ্যোগে মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচি, নভেম্বর-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আনজুমানে আল ইসলাহ ইউকে, মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মুহাম্মদ খুরশিদ-উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান।

ডিভিশনের জেনারেল সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালনায় অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট
মাওলানা রফিক আহমদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন জাহেদ, এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি মাওলানা নুরুল আমীন এবং মেম্বারশিপ সেক্রেটারি মাওলানা আব্দুল মুনিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদেরকে নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে। একই সাথে ইসলামী মূল্যবোধের আলোকে আদর্শ ব্যক্তি ও কল্যাণমুখী সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীলদের আন্তরিকতা, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরও বলেন, সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরও বিস্তৃত করতে পরিকল্পিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মাসব্যাপী কর্মসূচির সফল বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগের মাধ্যমে আনজুমানে আল ইসলাহ ইউকে, মিডল্যান্ডস ডিভিশনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং দাওয়াতি কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীলরা পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচি সফল করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

ডিভিশনের অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা দুলাল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা গুলজার আহমদ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি হাফিজ শামিম আল মামুন,(রুমেল) এক্সিকিউটিভ মেম্বার ওয়াহিদুল কবির, লেস্টার ব্রাঞ্চের প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাইয়ুম, বার্মিংহাম ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট মাওলানা আতিকুর রহমান, হাজী আব্দুল গফুর, ওয়ালছল ব্রাঞ্চের সেক্রেটারি মো জায়েদুল ইসলাম ও সান্ডওয়েল ব্রাঞ্চের জয়েন্ট সেক্রেটারি রফিকুল হক লিটন প্রমূখ।

পরে তালামীযে ইসলামিয়ার সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার আহমদ খান জামির মেম্বারশিপ ফরম গ্রহণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ডিভিশনের এক্সিকিউটিভ মেম্বার মাওলানা মুস্তফা কামাল ও নাশীদ পরিবেশন করেন ডিভিশনের এক্সিকিউটিভ মেম্বার ক্বারী আবুল খায়ের।