ইমরান খানের বিমান ভাড়ার ২৯ লাখ রুপি কে পরিশোধ করলেন!
পোস্ট ডেস্ক :

পাকিস্তানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের সফরে প্রাইভেট বিমানের ভাড়া কে দিয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে কৌতুহল। শোনা যাচ্ছে করাচি থেকে শনিবার ইসলামাবাদ পর্যন্ত সফর করেন ইমরান খান। যে বিমানে করে তিনি এই সফরে গিয়েছেন তার মালিক করাচিভিত্তিক কোম্পানি এনগ্রো। এই সফরে বিমানের ভাড়া দিতে হয়েছে ২৯ লাখ রুপি। অনলাইন জিও নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয় শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় একটি ভাড়া বিমানে ইসলামাবাদ থেকে করাচিতে গিয়ে রাজনৈতিক র্যালিতে যোগ দেন ইমরান খান। এপি-পিএলই হিসেবে এই বিমানটি নিবন্ধিত। একটি বেসামরিক বিমান চলাচল বিষয়ক কোম্পানি এটি লিজ নিয়েছে।
এ শিল্পের সঙ্গে যুক্ত সূত্রগুলো বলেছেন, বিমানটি করাচি পৌঁছার পর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ইমরান খানকে অন্য একটি ভাড়া বিমানে করে ইসলামাবাদে ফিরতে হয়। ফিরতি এই ফ্লাইটের জন্য বেসরকারি বিমান চলাচল বিষয়ক কোম্পানিকে দিতে হয়েছে ২৯ লাখ রুপি। এই অর্থ দিয়েছেন দুবাইভিত্তিক একজন পাকিস্তানি ব্যবসায়ী।ওই বিমান থেকে নেমে আসছেন ইমরান খান এমন ছবি ধারণ করে তা শেয়ার দিয়েছেন পিএমএলএনের সিনিয়র নেতা আহসান ইকবাল। লিখেছেন এনগ্রো’র জন্য এটা উচ্চ মাত্রায় অপেশাদারিত্ব। তা হলো, এই বেসরকারি জেট বিমান ব্যবহৃত হয়েছে সরকার বিরোধী এক র্যালিতে।
জবাবে পিটিআই নেতা ওমর আইয়ুব খান বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে তার লভ্যাংশ সর্বোচ্চ করা। তাই কোম্পানি তার কোনো সম্পদকে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখতে পারে না। একটি কোম্পানির বিমান অলস বসিয়ে রাখলে তা থেকে কোনো অর্থ আয় হয় না। ওদিকে টুইটারে আলাদাভাবে দেয়া এক বিবৃতিতে এনগ্রো বলেছে, এই বিমানটির মালিক এনগ্রো ফার্টিলাইজারস। কিন্তু এটা বেসরকারি কোম্পানি প্রিন্সলে জেটের কাছে ভাড়া দেয়া হয়েছিল।




