কমালা ও জাকারবার্গসহ কয়েক ডজন মার্কিন এবং কানাডীয়’র বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা
পোস্ট ডেস্ক :

মার্কিন ও কানাডীয় কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও ধনকুবেরদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ঘোষণা করা ওই নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন ২৯ মার্কিন এবং ৬১ কানাডীয় নাগরিক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং মেটা সিইও মার্ক জাকারবার্গকেও রাখা হয়েছে ওই তালিকায়। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়, নিষেধাজ্ঞার অধীনে থাকা ব্যক্তিরা অনির্দিষ্ট কালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এ খবর দিয়েছে এবিসি নিউজ এবং রয়টার্স।
বৃহস্পতিবার প্রকাশিত নিষেধাজ্ঞার ওই তালিকায় রয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিক্স এবং পেন্টাগন মুখপাত্র জন কিরবি। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডার ৬১ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
এই ব্যাক্তিরা ‘রাশিয়া-ভীতি’ সৃষ্টি ও তা প্রচার করেছে বলে অভিযোগ করেছে মস্কো। কানাডার যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গণমাধ্যম বিষয়ক পরিচালক ক্যামেন আহমাদ। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের পক্ষ হয়ে যুদ্ধ করা কানাডীয় সেনাদের সতর্ক করে দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।




