এভারেস্টের চূড়ায় বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া স্টেশন স্থাপন করলো চীন

Published: 7 May 2022

পোস্ট ডেস্ক :


বিশ্বের সবচেয়ে উঁচুতে আবহাওয়া স্টেশন স্থাপন করেছে চীন। বুধবার ‘আর্থ সামিট মিশন ২০২২’ এর অধীনে ১৩ সদস্যের চীনা বৈজ্ঞানিক অভিযাত্রী দলের সদস্যরা বিশ্বের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্টে সফলভাবে স্বয়ংক্রিয় ওই আবহাওয়া স্টেশন স্থাপন করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এ খবর নিশ্চিত করে জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮০০ মিটারেরও বেশি উচ্চতায় একটি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে চীন। এটি বিশ্বের সবচেয়ে উচু স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এর দেওয়া তথ্য অনুসারে নতুনটি সহ বেইজিং-এর এখন এমন আটটি স্টেশন রয়েছে যেগুলো ৫,২০০ মিটার থেকে ৮,৮০০ মিটারের মধ্যে কাজ করছে। সর্বোচ্চ উচ্চতার স্টেশনটি স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলোর ওজন প্রায় ৫০ কিলোগ্রাম এবং এটিকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন খন্ডে ভাঙা হয়েছিল। নতুন স্টেশনটি আশেপাশের এলাকা থেকেও তথ্য সংগ্রহ করতে পারবে৷ শিখরে পৌঁছানোর পর চীনের বৈজ্ঞানিক দলটি পর্যবেক্ষণ এবং নমুনা মিশনও পরিচালনা করেছে৷ বিভিন্ন উচ্চতায় পাথরের নমুনা পর্যন্ত সংগ্রহ করেছে৷

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, এই রেডিও স্টেশনটি প্রতি ১২ মিনিটে তথ্য প্রেরণ করার জন্য কোড করা হয়েছে।