মানুষ হত্যার অভিযোগে গরু আটক

Published: 8 June 2022

পোস্ট ডেস্ক :


১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে একটি গরুর বিরুদ্ধে। অভিযুক্ত গরু এবং তার মালিককে আটক করেছে পুলিশ। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ সুদানে ঘটনাটি ঘটেছে।

বিকেলে দক্ষিণ সুদানের লেকস রাজ্যের একটি খামারের পাশে গরুটি চড়ে বেড়াচ্ছিল। ওই সময় হঠাৎ করেই ১২ বছরের শিশুটিকে ঢুঁস দেয় গরুটি। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
লেকস রাজ্যের পুলিশের মুখপাত্র মেজর এলিজাহ মাবোর জানান, শিশু হত্যার অভিযোগে গরুটিকে আটক করা হয়েছে। গরুটিতে রাখা হয়েছে রামবেক সেন্ট্রাল কাউন্টি পুলিশ স্টেশনে। গরুটির মালিককেও আটক করা হয়েছে।

মানুষ হত্যার অভিযোগে কোনো প্রাণীকে আটক করা ও বিচারের আওতায় নিয়ে আসার ঘটনা অবশ্য দক্ষিণ সুদানে এটা প্রথম নয়। এক মাসেরও কম সময় আগে সে দেশের লেকস রাজ্যে হত্যার অভিযোগে একটি ভেড়াকে আটক করেছিল পুলিশ।

অভিযোগ উঠেছে, ওই ভেড়া ৪৫ বছর বয়সী একজন নারীকে হত্যা করেছে। তবে ভেড়াটির মালিককে আটক করা হয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল, ভেড়াটির মালিকের এক্ষেত্রে দায় ছিল না।

বিচারের পর ভেড়াটির তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর ভেড়ার মালিকের জরিমানা করা হয় পাঁচটি গরু। নিহতের পরিবারকে সেসব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।