অর্থনীতিতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম ভারত
পোস্ট ডেস্ক :

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ এখন ভারত। ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গিয়ে এই স্থানে এসেছে দেশটি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জিডিপি পরিসংখ্যান অনুসারে চলতি বছরের প্রথম তিন মাসেও পঞ্চম স্থানে আছে ভারত। এই তিন মাসে দেশটির অর্থনীতির আকার ছিল ৮৫৪ বিলিয়ন ডলার।
আর যুক্তরাজ্যের অর্থনীতির আকার ৮১৬ বিলিয়ন ডলার।
তালিকার সব দেশের অর্থনীতির আকার মার্কিন ডলারের উপর ভিত্তি করে করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানির পরেই এখন ভারতের অবস্থান। এক দশক আগে তাদের অবস্থান ছিল ১১তম।
আন্তর্জাতিক র্যাংকিংয়ে যুক্তরাজ্যের এমন পতন নতুন প্রধানমন্ত্রীকে আরো চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের। কনজারভেটিভ পার্টির সদস্যরা প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি বেছে নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস সাবেক চ্যান্সেলর ঋষি সুনাককে পরাজিত করবেন বলে মনে করা হচ্ছে।
লিজ ট্রাস ও ঋষি সুনাকের মধ্যে বিজয়ীজনকে চার দশকের মধ্যে উচ্চতম মুদ্রাস্ফীতি এবং মন্দার ঝুঁকি মোকাবেলা করতে হবে। ব্যাঙ্ক অব ইংল্যান্ড বলছে, এই মন্দা ২০২৪ সাল পর্যন্ত চলতে পারে।
বিপরীতে, ভারতীয় অর্থনীতির জন্য এই বছর ৭ শতাংশের বেশি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুঁজিবাজারের হিসেবে এমসিসিআই ইমার্জিং মার্কেট সূচকে বর্তমানে চীনের পরেই ভারতের অবস্থান।




