চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক মারা গেছেন

Published: 22 December 2022

পোস্ট ডেস্ক :


চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক গ্লাসওয়েজিয়ান নাগরিক আলি আহমেদ আসলাম মারা গেছেন। আসলামের বয়স হয়েছিল ৭৭ বছর। স্কটল্যান্ডের গ্লাসগোতে আসলামের নিজের রেস্তোরাঁ শিষমহল তার মৃত্যুর কথাটি জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, আলি আহমেদের প্রতি সম্মান জানিয়ে সোমবার থেকে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ ছিল শিষমহল।

মঙ্গলবার গ্লাসগো সেন্ট্রাল মসজিদে আলি আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আসলামের জন্ম পাকিস্তানে। ১৯৬৪ সালে পরিবারের সাথে গ্লাসগোতে চলে যান তিনি। এরপর সেখানে শিষমহল নামে একটি রেস্তোঁরা খোলেন।

আলি আহমেদ আসলাম পাঁচ সন্তানের জনক। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলি আহমেদ বলেছিলেন, ১৯৭০ এর দশকে একজন খদ্দের তার কাছে অভিযোগ করেছিলেন- তাদের তৈরি চিকেন টিক্কা একটু বেশি শুষ্ক। বিষয়টির সমাধান করতে গিয়ে তিনি এর সাথে ক্রিমি টমেটো সস যুক্ত করেন। উদ্দেশ্য ছিল টিক্কা আরেকটু নরম এবং রসালো করার।

পরে এটিই চিকেন টিক্কা মাসালা নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে এটি জনপ্রিয় খাবারের একটিতে পরিণত হয়।

সোশ্যাল মিডিয়ায় আলির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শত শত গ্রাহক। অনেকেই তার রেস্তোরাঁয় যাওয়ার স্মৃতি তুলে ধরে পোস্ট দিয়েছেন। আলিকে একজন সত্যিকারের ভদ্রলোক হিসেবেও বর্ণনা করেছেন নেটিজেনদের অনেকে।

বিভিন্ন জরিপের ফলে জানা গেছে, চিকেন টিক্কা মাসালা ব্রিটেনের প্রিয় খাবার। অবশ্য মুরগির কোরমাও সেরা খাবার হওয়ার দাবিদার হওয়ার চেষ্টায় রয়েছে।