ভারতে সৈনিককে পিটিয়ে হত্যা

Published: 27 December 2022

পোস্ট ডেস্ক :


ভারতের পশ্চিমাঞ্চলের গুজরাট রাজ্যে একজন সৈনিককে পিটিয়ে হত্যার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ বলা হয়েছে, কিশোরী মেয়ের ভিডিও অনলাইনে ছড়ানোর প্রতিবাদ করায় সৈনিক মেলাজি ভাঘেলাকে মারপিট করে মেরে ফেলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শনিবার চাকলাসি গ্রামে ওই বিএসএফ সদস্য অভিযুক্ত ১৫ বছর বয়সী কিশোরের বাড়িতে যান। ওই কিশোরই তার মেয়ের ভিডিও অনলাইনে পোস্ট করেছিল।

কিশোরের পরিবারের সদস্যরা তাকে সেখানেই পিটিয়ে হত্যা করে।

বিবিসি জানিয়েছে, বিএসএফ জওয়ানের কিশোরী মেয়েটি ও অভিযুক্ত কিশোর একই বিদ্যালয়ে পড়ে।

বিএসএফ সূত্র জানিয়েছে, মেয়ের একটি অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিএসএফ জওয়ান কিশোরের পরিবারের সঙ্গে কথা বলার জন্য যান।

অভিযোগে উল্লেখ রয়েছে, গত শনিবার রাতে বিএসএফ জওয়ান তার স্ত্রী, দুই ছেলে এবং ভাগনেকে নিয়ে কিশোরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কিশোরের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এর প্রতিবাদ করলে কিশোরের পরিবারের লোকজন তাদের ওপর আক্রমণ করে।

অভিযোগ বলা হয়েছে, অনলাইনে পোস্ট করার পর কিশোরী মেয়েটির ভিডিও ভাইরাল হয়ে গেছে।

মারপিটে গুরুতর আঘাতপ্রাপ্ত ভাঘেলা স্বল্প সময়ের মধ্যেই মারা যান। তার ছেলেদের একজনের মাথায় আঘাত লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।