কুমিল্লায় আবাসিক হোটেল থেকে ২৬ তরুণীসহ আটক ৩৯
বিশেষ সংবাদদাতা :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৬ তরুণীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে হোটেল স্টাফও আছেন।
আজ বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হানিফ সরকার। এর আগে মঙ্গলবার রাতে মহাসড়ক সংলগ্ন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাগুরঝুলি এলাকার রাজধানী নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলছিল। ফাঁদে ফেলে তরুণদের ধর্ষণ মামলা দেওয়া হতো। খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ২৬ তরুণীসহ ৩৯ জনকে আটক করে। তাদের মধ্যে সাতজন হোটেলের স্টাফ। তবে ঘটনার সময় কৌশলে পালিয়ে যান অনৈতিক ব্যবসার অন্যতম হোতা হোটেল মালিক জসিম উদ্দিন শান্ত।
বুধবার বিকেলে পুলিশ পরিদর্শক মুহাম্মদ হানিফ সরকার বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারীরা জানিয়েছেন তারা কেউ সাত দিন আগে, আবার কেউ দুই-তিন দিন আগে ওই হোটেলে এসেছেন। এ হোটেলে গড়ে ১০-১২ দিন থাকার পর তারা পরে অন্য হোটেলে উঠতেন। তারা আর্থিক সমস্যার কারণে এ পেশায় এসেছেন বলে জানান।




