হোয়াইট হাউসে পাওয়া গেলো কোকেইন

Published: 5 July 2023

পোস্ট ডেস্ক :


নিয়মিত পরিদর্শনের সময় হোয়াইট হাউসের মধ্য থেকে কোকেইন উদ্ধার করেছে ‘ইউএস সিক্রেট সার্ভিস’। রোববার রাতে প্রাথমিকভাবে সাদা কিছু পাউডার খুঁজে পাওয়ার পর সেটিকে পরবর্তী পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতেই জানা যায়, সাদা ওই সাবস্টান্স আসলে মাদকদ্রব্য কোকেইন ছিল। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে জানানো হয়, ভবনের সবথেকে নিরাপদ এলাকাগুলোর একটি কক্ষ থেকে এই মাদক উদ্ধার করা হয়েছে। সর্বপ্রথম ওয়াশিংটন পোস্ট আইন প্রয়োগকারী সংস্থায় থাকা সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে। কোকেইন পাওয়ার পর প্রাথমিকভাবে সকল কর্মীদের হোয়াইট হাউস থেকে বাইরে নিয়ে আসা হয়। এ নিয়ে আরও গভীর তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দারা।

রয়টার্স ও এসোসিয়েটেড প্রেসকে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং-এ পাওয়া ওই সাদা পাউডার আসলেই কোকেইন ছিল। যদিও মার্কিন গোয়েন্দারা এখনও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে। ইউএস সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগ্লিলমাই বলেন, ওয়াশিংটন পোস্ট যে পাউডারের কথা বলেছে তা নিয়ে তদন্ত চলছে।

হোয়াইট হাউসের ওয়েস্ট উইং-এ ওভাল অফিস, ক্যাবিনেট রুম এবং প্রেস এরিয়া অবস্থিত। অর্থাৎ প্রেসিডেন্টের অফিস থেকে শুরু করে সবথেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে ওয়েস্ট উইং।

‘মাদক’ উদ্ধারের সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে।